মঙ্গলবার নিউ মেক্সিকোর আলবিউকিউরক কনভেনশন সেন্টারে ট্রাম্পের সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশস্থলের বাইরে বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হন। তাতে ট্রাম্পকে বর্ণবাদী হিসেবে উল্লেখ করা হয়। এক পর্যায়ে সমাবেশ শুরু হলে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা ট্রাম্পের ছবি সম্বলিত টি-শার্ট পুড়িয়ে ক্ষোভ প্রকাশ শুরু করেন। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে বোতল ও পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এতে সমাবেশস্থলের কাঁচের জানালা ও পুলিশের ঘোড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ বিক্ষোভকারীদের প্রতি স্মোক গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
সমাবেশস্থলের বাইরে বিক্ষোভের পরও অন্তত ৪ হাজার মানুষের সামনে বক্তব্য দেন ট্রাম্প। বক্তব্যে ট্রাম্প বিক্ষোভকারীদের ব্যঙ্গ করতে ছাড়েননি। তিনি বলেন, বাচ্চাগুলোকে দেখুন, কত আর বয়স হবে। এখনও হয়ত তারা ডায়পার ব্যবহার করছে।
বিক্ষোভে অংশ নেওয়া অন্যদের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, মায়েরা বাড়ি ফিরে যান।
নিউ মেক্সিকো সফরে এখানে প্রথম সমাবেশ করেন ট্রাম্প। নিউ মেক্সিকোর রিপাবলিকান দলের গভর্নর সুসানা মার্টিনেজ জানিয়েছেন, অভিবাসীদের আক্রমণ করায় ট্রাম্পকে তিনি সমর্থণ দেবেন কিনা- এ বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। মঙ্গলবার ট্রাম্পের সমাবেশে মার্টিনেজ ও দলের শীর্ষ নেতারা অনুপস্থিত ছিলেন।
মনোনয়নপ্রার্থীতা নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করবেন। সূত্র: বিবিসি।
আরও পড়ুন:
- আজই মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন মমতা!
- ইংল্যান্ডে খ্রিস্টানরাই সংখ্যালঘু!
- বিকল্প আয়ের উৎস খুঁজছে সৌদি আরব
- ১১ টাকায় মিলবে ‘পাপমুক্তি’র সনদ!
/এএ/বিএ/