সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরান: মার্কিন প্রতিবেদন

nonameবিশ্বব্যাপী সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে ইরানকে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র উল্লেখ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, লেবাননের হেজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহযোগিতা করছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক খবরে বিষয়টি জানা গেছে।

স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের ইসলামি রাষ্ট্র ইরানকে ২০১৫ সালে সন্ত্রাসবাদকে সবচেয়ে বেশি সহযোগিতা প্রদানকারী দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরান বিশ্বের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপকে বিভিন্ন সহযোগিতা, আর্থিক, প্রশিক্ষণ ও সরঞ্জাম প্রদান করেছে।

মার্কিন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে সম্মত হওয়ার পর ২০১৫ সালে ইরানের ওপর আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। কিন্তু এরপরও ইরান দেশটির পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কুদস বাহিনীকে কাজে লাগাছে।

মার্কিন এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি জানিয়েছেন, আঞ্চলিক বিষয় নিয়ে ইরানের প্রধান শত্রু যুক্তরাষ্ট্র ও ‘শয়তান’ ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করার কোনও ইচ্ছা নেই।

মার্কিন প্রতিবেদনে ইসলামিক স্টেট (আইএস)-কে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আইএস ইরাক ও সিরিয়ায় বেশ কিছু দখলকৃত এলাকার নিয়ন্ত্রণ হারালেও ফ্রান্স, তুরস্ক ও লেবাননে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের তুলনার বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলা ১৩ শতাংশ কমেছে। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এর এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৫ সালে ১১ হাজার ৭৭৪টি হামলায় ১৩ হাজার ৪৬৩জনের প্রাণহানির হয়েছে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

আরও পড়ুন:

/এএ/