নিউ ইয়র্ক টাইমসের প্রেস ক্রেডেনশিয়াল কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রেস ক্রেডেনশিয়াল কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পকে নিয়ে একটি নেতিবাচক খবর প্রকাশ করে পত্রিকাটি। খবরটি প্রকাশের পরই এ হুমকি দেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমস ‘ডোনাল্ড ট্রাম্পের নিজের কাছ থেকে বাঁচার ব্যর্থ অভিযান’ শিরোনামে একটি খবর প্রকাশ করে। ট্রাম্প এ খবরের তীব্র বিরোধিতা করেছেন। শনিবার দুপুরে ট্রাম্প এক টুইটে বলেন, ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস একটি ফিকশন পত্রিকায় পরিণত হয়েছে। আমাকে নিয়ে তাদের খবরে সব সময় বেনামি সূত্রের বক্তব্য থাকে। এটা খুবই অসৎ।
নিউ ইয়র্ক টাইমসের সমালোচনা অবশ্য ট্রাম্প এই প্রথম করেননি। প্রার্থীতার প্রচারণার শুরু থেকেই এ পত্রিকাকে ব্যর্থ পত্রিকা হিসেবে আখ্যায়িত করে আসছেন। আর্থিক অনটনে থাকায় তিনি পত্রিকাটিকে ব্যর্থ হিসেবে মনে করেন। এছাড়া আগেও তিনি পত্রিকাটিকে অসৎ হিসেবে উল্লেখ করেছেন।
টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করার পর শনিবার রাতে একটি সমাবেশেও নিউ ইয়র্ক টাইমসের সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, পত্রিকাটি খুব খারাপ অবস্থায় পড়তে যাচ্ছে। পত্রিকাটির প্রেস ক্রেডেনশিয়াল কেড়ে নেওয়ার ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।
ট্রাম্প আরও বলেন, তারা যখন মিথ্যে খবর প্রকাশ করে তখন আমাদেরও কঠোর হতে হবে। এ সময় ট্রাম্পের সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।

এর আগে ১ আগস্ট থেকেই তার প্রচারণায় নিউ ইয়র্ক টাইমসকে নিষিদ্ধ করার কথা বলে আসছেন। জুন থেকেই ওয়াশিংটন পোস্টকে প্রেস ক্রেডেনশিয়া দেওয়া বন্ধ করেছে ট্রাম্পের প্রচারণা দল। এছাড়াও বেশ কয়েকটি বড় সংবাদ প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করে রেখেছেন ট্রাম্প।

উল্লেখ্য, ডেমোক্রেট দলের মনোনয়ন প্রার্থীতার লড়াইয়ের সময় নিউ ইয়র্ক টাইমস প্রকাশ্যে হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়েছে। ওই সময় হিলারির প্রতিদ্বন্দ্বী ছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স। ডেমোক্রেট দলের প্রার্থীতা নিশ্চিত হওয়ার ফলে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট হওয়ার পথে হিলারির প্রধান প্রতিদ্বন্দ্বী এখন ডোনাল্ড ট্রাম্প। সূত্র: সিএনএন।

/এএ/