যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন

নিহত বাংলাদেশি ইমামযুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়াখুনের অভিযোগ গঠন করেছে পুলিশ। নিউ ইয়র্ক সিটি পুলিশসোমবার জানায়, ইমাম ও তার সহকারীকে হত্যার দায়ে আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের হুবার্ট রেয়েস জানান, ব্রুকলিনবাসী অস্কার মোরেলের (৩৫) বিরুদ্ধে জোড়া খুনের এ অভিযোগ আনা হয়।

পুলিশ জানিয়েছে, মোরেলের বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে। রবিবার রাতে অস্কার মোরেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তখন পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা হিট অ্যান্ড রান সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওজোন পার্ক এলাকায় শনিবার মসজিদ থেকে বের হওয়ার পর ইমাম মাওলানা আকুঞ্জি (৫৫) ও তার সহকারী তারা উদ্দিন (৬৪)-কে প্রকাশ্য দিনের বেলায় মাথায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনা মার্কিন মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। নিউইয়র্কের আতংকিত মুসলিমরা নিরাপত্তা জোরদার এবং হামলাকারীর শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ বলছে, এ হামলার পেছনে ধর্মীয় বিদ্বেষ কাজ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু সোমবার সন্ধ্যা নাগাদ পুলিশ হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি।

এর আগে পুলিশ জানিয়েছিল, জোড়া খুনের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শনিবার সন্দেহভাজন খুনি স্কেচ প্রকাশ করে পুলিশ।

ইমামসহ দুই বাংলাদেশি হত্যার ঘটনার একদিন পর নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, যুক্তরাষ্ট্রে সব মুসলিমরা উগ্রপন্থার নিশানা হয়ে উঠেছেন।

এদিকে সোমবার কুইন্সের ওজোন পার্কে আল-ফুরকান জামে মসজিদ প্রাঙ্গণেই নিহত দুজনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/