নির্বাচিত হয়েই সৌদি আরবে ব্যবসা গুটিয়ে নিয়েছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরেই সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত তার যেসব ব্যবসা ছিল তা গুটিয়ে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে কর্পোরেট রেজিস্ট্রেশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর যাতে কোনও ধরনের স্বার্থের সংঘাত না ঘটে সেজন্য নিজের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেশ কিছু পরিবর্তন আনছেন ট্রাম্প। কারণ প্রশ্ন ওঠেছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ট্রাম্প সাম্রাজ্য তিনি কিভাবে চালাবেন। এমন সময় সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত ব্যবসা গুটিয়ে নেওয়ার এ খবর প্রকাশিত হলো।

ট্রাম্প অর্গানাইজেশনের জেনারেল কাউনসেল (আইনজীবী) অ্যালান গার্টেন এসব ব্যবসা গুটিয়ে নেওয়াকে নিয়মিত ‘ঘর পরিষ্কার করা’ হিসেবে চিহ্নিত করেছেন। তার দাবি, সৌদি আরবের ট্রাম্পের কোনও বাণিজ্য ছিল না।

গার্টেন বার্তা সংস্থা এপিকে বলেন, সৌদি আরবে কোনও চুক্তির বিষয়ে আমি অবগত নই। আমি আরও এগিয়ে গিয়ে বলতে পারি, সৌদি আরবে ট্রাম্পের কোনও ব্যবসা নেই।

তবে নিবন্ধকের কার্যালয়ের তথ্য অনুসারে ট্রাম্প অন্তত ৯টি কোম্পানি বন্ধের জন্য যে আবেদন করেছেন তাতে অন্তত চারটি সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত।

বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের হোটেল ও রিসোর্ট ব্যবসা হয়েছে। বিশ্বের এ ব্যবসা আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প ও তার কোম্পানির কর্মকর্তারা। গত বছর সৌদি আরব ও মধ্যপ্রাচ্যকে সম্ভাব্য অঞ্চল হিসেবে উল্লেখ করেছিলেন ট্রাম্পের মেয়ে আইভানকা ট্রাম্প।

সৌদি আরব সম্পর্কিত যে চারটি কোম্পানি বন্ধ করেছেন সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সৌদি সিটি। যা জেদ্দাহতে অবস্থিত। আইভানকা ট্রাম্পের মন্তব্যের তিনমাস পর এটি নিবন্ধন করা হয়েছিল। আরও চারটি কোম্পানিও একই সময় খোলা হয়েছিল। কয়েক মাস পরে এক সঙ্গে সবগুলো বন্ধ করে দেওয়া হয়। সূত্র: গার্ডিয়ান।

/এএ/