মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডে এবার খোদ রিপাবলিকান ভোটাররাই বিগড়ে গিয়েছেন। ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য অনুশোচনা প্রকাশ করে দেওয়া বিভিন্ন টুইট ইতোমধ্যেই ‘ট্রাম্প রিগ্রেটস’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হচ্ছে। সেই অ্যাকাউন্ট থেকে খোদ ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানানো হচ্ছে, ‘হিটলারের মতো হবেন না’।
‘ট্রাম্প রিগ্রেটস’ টুইটার অ্যাকাউন্টটি আসলে বিভিন্ন সময়ে ট্রাম্পের সমর্থকদের দেওয়া টুইটের একটি সংকলন বলা যেতে পারে। একসময় যারা নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে সামাজিক বিভিন্ন মাধ্যমে সক্রিয় ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের কাজকর্মের জন্য অনুতপ্ত ভোটারদের বিভিন্ন টুইটই এখানে তুলে ধরা হচ্ছে।
অভিবাসন নিষেধাজ্ঞার ফলে ক্ষতিগ্রস্ত একজন ট্রাম্পের এক ভোটারকে বলেন, ‘তাকে হিটলারের মতো আচরণ করতে নিষেধ করো’, এর মধ্য দিয়েই মূলত এর সূচনা হয়। এর আগেও অবশ্য ট্রাম্পের বিভিন্ন কাজে অনেক ভোটারই তাকে ভোট দেওয়ার জন্য মর্মাহত বলে জানিয়েছিলেন।
এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘আভিবাসীদের প্রতি নিষেধাজ্ঞা জারি এবং শরণার্থীদের বিতারণের জন্য নির্বাহী আদেশ দিতে আমি আপনাকে ভোট দিইনি।’ হ্যাশট্যাগে যুক্ত করা হয়েছে ‘ক্রেতাদের অনুশোচনা’।
আরেক ব্যবহারকারী লেখেন, ‘হিটলারের মতো আচরণ করা বন্ধ করো। তোমাকে সবভাবে সমর্থন করি, কিন্তু তোমার কর্মকাণ্ড আমাকে লজ্জিত করছে।’
মিস বাগুমা জানান, ট্রাম্প যখন ঘোষণা দেন হিলারীর ই-মেইল কেলেঙ্কারী তদন্ত প্রতিবেদন বিষয়ে তিনি নতুন করে আর কোনও তদন্ত শুরু করবেন না, তখনই এই টুইটার অ্যাকাউন্টটি খোলা হয়।
তিনি সিটিভি নিউজকে বলেন, ‘আমি এরপর থেকেই টুইটারে ট্রাম্পের সমর্থকদের কাছ থেকে ভোট দেওয়ার জন্য অনুতাপ প্রকাশ করা অনেক টুইট দেখি। আমি ভাবি যদি একটা মাত্র ইস্যুতেই এত অনুশোচনা প্রকাশ পায়, তবে আরও অনেক ঘটনায় আরও আরও অনুতপ্ত ভোটারদের দেখা পাবো। তাই আমি বিষয়টি নিয়ে লেগে থাকি, পুরো ঘটনা অনুসরণ করতে থাকি।’ সূত্র: মিরর।
/এমও/