রুশ সংযোগ

দায়মুক্তি পেলে সাক্ষ্য দেবেন ট্রাম্পের বহিষ্কৃত উপদেষ্টা ফ্লিন

মাইকেল ফ্লিনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহিষ্কৃত নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন বলেছেন, দায়মুক্তি পেলে তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ সংযোগের বিষয়ে সাক্ষ্য দেবেন। শুক্রবার ফ্লিনের আইনজীবী রবার্ট কেলনার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

বিবৃতিতে ফ্লিনের আইনজীবী বলেছেন, ‘নিশ্চিতভাবে জেনারেল ফ্লিনের অনেক কিছু বলার আছে। তিনি এটা বলতেও চান যদি পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয়।’

কেলনার বিবৃতিতে উল্লেখ করেন, অন্যায্য বিচারে দায়মুক্তির আশ্বাস ছাড়া কোন ব্যক্তিই এমন রাজনৈতিক ইস্যুতে মুখ খুলতে চাইবেন না। তিনি আরও বলেন, ‘ডাইনি খোঁজা’র মতো পরিবেশে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন না ফ্লিন।

রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের লোকজনের সম্ভাব্য সম্পর্ক নিয়ে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও কংগ্রেসের সিনেট ও হাউজ ইন্টিলিজেন্স কমিটি। শুনানি চলাকালে একজন সাক্ষ্যদাতা ইতোমধ্যে ক্রেমলিনের অপপ্রচারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের জের ধরে হোয়াইট হাউসের দায়িত্ব অবহেলার অজুহাত দেখিয়ে ফ্লিনকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর থেকেই রাশিয়ার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্তে নামে এফবিআই ও সিনেট ইন্টেলিজেন্স কমিটি।

ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ, ওবামা আমলে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সরানোর বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তিনি ট্রাম্পের দায়িত্বগ্রহণের আগেই আলোচনা করেছিলেন। ফ্লিন তা করে থাকলে তবে তা হবে আইনের লঙ্ঘন। কেননা আইন অনুযায়ী, বেসরকারি নাগরিকদের পররাষ্ট্র নীতিমালাসংক্রান্ত কাজে জড়িত হওয়া নিষিদ্ধ।

পদত্যাগপত্রে ফ্লিন বলেছিলেন, তিনি অসাবধানতাবশতঃ তৎকালীন নির্বাচিত ভাইস-প্রেসিডেন্টকে আংশিকভাবে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তার কথোপকথন সম্পর্কে জানিয়েছিলেন। সূত্র: বিবিসি।

/এএ/