মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের ব্যাপারে স্পর্শকাতর তথ্য নেওয়ার আশায় রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসলনিস্কায়ার সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রবিবার হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর খবরে এ দাবি করা হয়েছে। খবর অনুসারে, গত বছরে ৯ জুনের সেই বৈঠকে ওই সময় ট্রাম্পের প্রচারণা চেয়ারম্যান পল ম্যানাফোর্ট ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। বৈঠকটি ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের দুই সপ্তাহ পরই ট্রাম্প রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত হয়।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের কারও সঙ্গে রুশ নাগরিকদের সঙ্গে বৈঠক করার স্বীকারোক্তি এটাই প্রথম বলে মনে করা হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প জুনিয়র জানান, রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে ক্রেমলিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার কাছে হিলারিকে রাশিয়ার সমর্থন করা নিয়ে তথ্য আছে জানালে বৈঠকে আগ্রহী হন তিনি। তবে নাতালিয়া যেসব তথ্য দিয়েছেন সেগুলো ছিল অস্পষ্ট এবং পরস্পরবিরোধী। যা পুরোপুরিই অর্থহীন ছিল।
তবে চলতি বছরের মার্চে এই ট্রাম্প জুনিয়রই টাইমসের কাছে রাশিয়ার কোনও প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের কথা অস্বীকার করেছিলেন।
গত বছর মার্কিন নির্বাচনের প্রচারণা চলার সময় থেকেই রুশ প্রভাবের অভিযোগ আসছে ঘুরে ফিরে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই অভিযোগ নিয়ে বেশ বেকায়দায় পড়েছে। যদিও ট্রাম্প শিবির থেকে রুশ হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। সূত্র:বিবিসি।
/এএ/