জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কোরীয় উপদ্বীপ ঘিরে উত্তেজনা আবারও শুরু হয়েছে। এই অবস্থায় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সব কিছুই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি এলাকা থেকে পূর্বদিক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি জাপানের আকাশ অতিক্রম করে উত্তর প্রশান্ত মহাসাগরে পড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫৫০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং অন্তত ২ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে।
এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়া এই ঘটনার মধ্য দিয়ে যে বার্তা দিতে চেয়েছে তা উচ্চকিত ও স্পষ্ট।
হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেছেন, উত্তর কোরিয়া দেশটির প্রতিবেশী ও জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে অবজ্ঞার ইঙ্গিত দিয়েছে। যা আন্তর্জাতিক আচরণের ক্ষেত্রে ন্যূনতম মাত্রাও গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প আরও বলেছেন, হুমকি ও অস্থিতিশীল কর্মকাণ্ড উত্তর কোরিয়াকে এই অঞ্চল ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেবে। সম্ভাব্য সব পদক্ষেপই বিবেচনায় রয়েছে।
বিষয়টি নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্প কথা বলেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাকে হুমকি বলে আখ্যায়িত করেছেন। সূত্র: রয়টার্স।