মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দেওয়া সহযোগিতা বন্ধের হুমকি দিয়েছেন। পাকিস্তান সহিংস জঙ্গিদের আশ্রয় ও তাদের সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে অভিযোগ করে সহযোগিতা বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। ২০১৮ সালের প্রথম টুইটে সোমবার তিনি একথা বলেন।
টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র বোকার মতোই পাকিস্তানকে গত ১৫ বছরে ৩৩ বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে। বিপরীতে তারা আমাদের মিথ্যা ও শঠতা ছাড়া কিছুই দেয়নি। তারা আমাদের নেতাদের বোকা ভাবছে।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘আমরা আফগানিস্তানে যেসব সন্ত্রাসীদের তাড়া করছি তাদের নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান। আমাদের কোনও সহযোগিতা করছে না। আর না।’
The United States has foolishly given Pakistan more than 33 billion dollars in aid over the last 15 years, and they have given us nothing but lies & deceit, thinking of our leaders as fools. They give safe haven to the terrorists we hunt in Afghanistan, with little help. No more!
— Donald J. Trump (@realDonaldTrump) January 1, 2018
গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান কার্যকর অভিযান পরিচালনা না করায় দেশটির জন্য বিলম্বে বরাদ্দকৃত ২৫৫ মিলিয়ন ডলার প্রত্যাহার করার বিষয়টি ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে।
ট্রাম্প ক্ষমতায় আসার পর পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক অবনতির দিকে গড়িয়েছে। ২০১৭ সালের আগস্ট মাসে ট্রাম্প ঘোষণা দেন ‘পাকিস্তান বিশৃঙ্খলা, সহিংসতা ও সন্ত্রাসীদের প্রায়ই নিরাপদ আশ্রয় দেয়।’
গত বছরের ডিসেম্বরে ট্রাম্প জানান, সবার ভালোর জন্য তিনি হয়ত পাকিস্তানকে দেওয়া সহযোগিতা বন্ধ করে দিতে পারেন। জাতীয় নিরাপত্তা নীতি প্রকাশের সময় তিনি বলেছিলেন, ‘প্রতিবছর আমরা পাকিস্তান বড় অংকের অর্থ দিয়ে থাকি। তাদেরকে সহযোগিতা করতে হবে।’
এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও গত সপ্তাহে আফগানিস্তান সফরের সময় বলেছিলেন, ‘পাকিস্তানকে নজরে রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প।’ সূত্র: এএফপি।