তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব দেশের প্রতি ট্রাম্পের আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশকে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। শনিবার আফিগানিস্তানের কাবুলে আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার পর প্রতিক্রিয়ায় এই আহ্বান জানান তিনি। একইভাবে হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

টুইটারে ট্রাম্প প্রাথমিক প্রতিক্রিয়ায় লিখেছেন, তালেবানকে আমরা জয়ী হতে দিতে পারি না। পরে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের এক বিবৃতিতে শনিবারের ভয়াবহ হামলার নিন্দা জানানো হয়। এতে তালেবান সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সব দেশকে এগিয়ে আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নৃশংস এসব হামলায় আমাদের আফগান অংশীদাররা ক্ষতিগ্রস্ত  হচ্ছে। তালেবানদের নৃশংসতা বরদাশত করা হবে।

ট্রাম্প বলেন, যেসব সন্ত্রাসী আমেরিকাকে, আমাদের মিত্র ও তাদের মতাদর্শকে সমর্থন করে না সেইসব সন্ত্রাসীদের কাছ থেকে আফগানিস্তানকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এখন সব দেশের উচিত তালেবান ও সন্ত্রাসীদের যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।

আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে পাকিস্তান সীমান্তে অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন এরই মধ্যে ঘোষণা দিয়েছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের সংখ্যা বাড়ানো হবে। নতুন সেনা মোতায়েনের পর দেশটিতে মার্কিন সেনাদের সংখ্যা সাড়ে আট হাজার থেকে চৌদ্দ হাজারে গিয়ে দাঁড়াবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে আফগান সরকারকে সহযোগিতা দিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন। তিনি বলেন, যারা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয় বা সহযোগিতা করে তাদেরকে সহ্য করা হবে না।

টিলারসন বলেন, আফগানিস্তানের মানুষের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি অর্জনে আফগান জনগণের উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।

মার্কিন এই কূটনীতিক আরও বলেন, যেসব দেশ আফগানিস্তানে শান্তি চায় তালেবানদের সহিংসতা থামানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার বাধ্যকতা রয়েছে।

তালেবান হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ার একদিনের মাথায় সোমবার একটি মিলিটারি একাডেমিতে হামলা চালানো হয়। এতে অন্তত ১১ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া হামলাকারী ৪ জঙ্গি নিহত ও একজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে একটি বিলাসবহুল হোটেলে হামলায় বিদেশিসহ অন্তত ২২ জন নিহত হওয়ার পর কাবুল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়। ওই সতর্কতার মধ্যেই গত শনিবার শহরের সিটি সেন্টারের কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলা চালায় তালেবান গোষ্ঠী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিস্ফোরক বোঝাই অ্যাম্বুলেন্সে করে চালানো ওই হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০৩ জনে পৌঁছেছে। সূত্র: ডন।