ইরানের ‘অস্থিতিশীল ও ক্ষতিকর কর্মকাণ্ডে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: পম্পেও

ইরানের 'অস্থিতিশীল ও ক্ষতিকর কর্মকাণ্ডে' যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

download

দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যে ঝড়ো সফর করেন সাবেক সিআইএ পরিচালক পম্পেও। রবিবার প্রথমে সৌদি আরব যান। সেখান থেকে তিনি ইসরায়েল আসেন। এর আগে তিনি ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যোগ দেন।

তেল আবিবে নেতানিয়াহুকে পাশে রেখে পম্পেও বলেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান বিপজ্জনক হুমকির কারণে আমরা এখনও গভীর উদ্বিগ্ন। মধ্যপ্রাচ্যসহ বিশ্বে ইরানের অস্থিতিশীল ও ক্ষতিকর কর্মকাণ্ড মোকাবিলায় ইসরায়েলের মতো ঘনিষ্ঠ মিত্রদের দৃঢ় সহযোগিতা প্রয়োজন।

পম্পেও জানান, ১৪ মে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হবে। তিনি বলেন, এই ঘটনাটি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির বাস্তব পদক্ষেপ।

পম্পেওকে নেতানিয়াহু ইসরায়েলের সত্যিকার বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তিনিও ইরান নিয়ে একই ধরনের উদ্বেগ প্রকাশ করে উভয় দেশের ঘনিষ্ঠতার ওপর জোর দেন।