মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর উচিত ক্ষমতা ছাড়া এবং অভ্যুত্থানে আটক বন্দিদের মুক্তি দেওয়া। ক্ষমতা গ্রহণের পর বৃহস্পতিবার প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
বাইডেন বলেছেন, সোমবার মিয়ানমার সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিষয়ে নিজেদের মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, গণতন্ত্রে গ্রহণযোগ্য নির্বাচনের ফল মুছে দেওয়া কিংবা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনও শক্তির যাওয়া উচিত নয়, এটি নিয়ে কোনও সন্দেহের অবকাশ থাকার সুযোগ নাই।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বার্মিজ (মিয়ানমার) সেনাবাহিনীর উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া এবং আটক আইনজীবী, অ্যাক্টিভিস্ট ও কর্মকর্তাদের মুক্তি দেওয়া।
এর আগে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন বাইডেন। ২০১১ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছিলেন। ২০১৬ সালে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। অং সান সু চি-র সরকারকে উচ্ছেদ করা ‘অপরিহার্য’ ছিল বলে মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান।