বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা, যুক্তরাষ্ট্রে যাত্রী আটক

যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে যাত্রার সময় পাইলটদের ককপিট ভেঙে সেখানে প্রবেশের চেষ্টা চালিয়েছে এক যাত্রী। পরে তাকে অন্য যাত্রী এবং বিমান কর্মীরা নিবৃত্ত করে। পরে বিমানটি জরুরি অবতরণ করলে ওই যাত্রীকে নামিয়ে গ্রেফতার করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লস অ্যাঞ্জেলস থেকে নাশভিলে যাওয়ার পথে ডেল্টা এয়ারের একটি ফ্লাইটের যাত্রী শুক্রবার ককপিটে প্রবেশের চেষ্টা চালায়। পরে বিমানটি নিউ মেক্সিকোর আলবুকুয়েরকিউতে জরুরি অবতরণ করে। পরে তাকে বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফ্লাইটের এক যাত্রী বলেন, ওই ব্যক্তি কোনও ধরনের উস্কানি ছাড়াই আসন থেকে উঠে গিয়ে পাইলটের কেবিনের কাছে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। অন্য এক যাত্রী বলেন বিমান কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে নিবৃত্ত করে। পুরো পরিস্থিতিকে তিনি ভয়াবহ বলে বর্ণনা করেন।

আলবুকুয়েরকিউ এফবিআই টুইট বার্তায় ঘটনাটির কথা নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডেল্টা এয়ার এই ঘটনা সামাল দিতে যাত্রী এবং বিমান কর্মীদের তৎপরতার প্রশংসা করেছে। এতে বলা হয়, বিমানটি কোনও ধরনের ঘটনা ছাড়াই অবতরণ করে আর ওই যাত্রীকে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।