সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড। ইসরায়েলের কোনও মন্ত্রীর এটিই প্রথম প্রকাশ্য আমিরাত সফর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে ইসরায়েলের দূতাবাস এবং দুবাইয়ে একটি কনস্যুলেট উদ্বোধনের জন্য মঙ্গলবার আমিরাতে পৌঁছান ইয়ার ল্যাপিড।
দুই দিনের এই সফরে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার। এসব বৈঠকে বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন তারা।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়া জানিয়েছেন, দূতাবাস ও কনস্যুলেট উদ্বোধনের বিষয়টি আসলে প্রতীকী। কারণ এগুলোতে ইতোমধ্যেই গত সাড়ে চার মাস ধরে কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। মিসর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করে আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের পর বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। ফিলিস্তিনিরা এসব চুক্তিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখে থাকে। তবে ইতোমধ্যে তেল আবিবের সঙ্গে বেশ কিছু বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে আমিরাত।
দেশ দুইটি পরস্পরের নাগরিকদের জন্য ভিসার বাধ্যবাধকতা শিথিল করেছে। এছাড়া বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা এবং টেলিযোগাযোগ বিষয়ে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ।