চমকে যাওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্রের একটি রেস্তোরাঁয় এখন এমন অফারই চলছে। চোরের উপদ্রবে শেষ পর্যন্ত এই অফারেই সমাধান খুঁজছে কাওস পিৎজেরিয়া নামের ওই রেস্টুরেন্টটির কর্তৃপক্ষ। চোর ধরিয়ে দিতে পারলেই এক বছরের পিৎজা ফ্রি!
যুক্তরাষ্ট্রের ডেনভারের ওই রেস্টুরেন্টটির কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরেই চোরের উৎপাতে নাজেহাল। নানা ফিকিরে তারা পিৎজা থেকে ডলার, সবই চুরি করে নিয়ে যাচ্ছে দোকান থেকে। এই চোরের দলের বেশভূষাও বেশ আকর্ষণীয়। কেউ ক্রেতা তো কেউ মেয়নিজের পাইকারি অর্ডারদাতা।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কর্তৃপক্ষ আর শুধুমাত্র পুলিশের ভরসায় থাকতে পারছেন না। সম্প্রতি হাজারের উপর ডলার নিয়ে চম্পট দিয়েছে এক চোর। এরপরই কর্তৃপক্ষ ঘোষণা করেন, চোর-লুটেরা ধরতে যিনি পুলিশকে সাহায্য করবেন, তাকে একবছর ধরে ফ্রি পিৎজা খাওয়ানো হবে।
দোকানের মালিক প্যাট্রিক হোয়াইট বলেছেন, সিসিটিভিতে ছিঁচকে চুরি ধরা পড়তো। পুলিশকেও জানাতাম। কিন্তু ব্যাপারটা আর ছোটখাট পর্যায়ে নেই। এবার রীতিমতো লুট করা হয়েছে। আমার দোকানে নারী কর্মীর সংখ্যা বেশি। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে আমাকেও একটা কিছু করতে হবে। সে কারণেই এই সিদ্ধান্ত।
প্রতিষ্ঠানের ফেসবুক পেজেও ফলাও করে বিষয়টি প্রচার করেছে কাওস পিৎজেরিয়া’র কর্তৃপক্ষ।
/এমপি/