‘মুসলমানদের অপমান করলে বিশ্বের চোখে যুক্তরাষ্ট্র ছোট হয়ে যায়’

মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে তিরষ্কার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্টেট অব দ্য ইউনিয়নে দেওয়া শেষ ভাষণেট্রাম্পের নাম উল্লেখ না করে তার কঠোর সমালোচনা করেন তিনি। ইসলামবিরোধী কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের নৈতিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

ভাষণে বারাক ওবামা বলেন,ধর্ম ও বর্ণভিত্তিক যেকোনও রাজনীতি প্রত্যাখ্যান করা যুক্তরাষ্ট্রের প্রয়োজন। শুধু রাজনৈতিক সঠিকতার জন্য নয়,দেশের মূল্যবোধ টিকিয়ে রাখতেও বিষয়টি প্রয়োজনীয়।

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার কথা সারাবিশ্ব জুড়ে সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পর যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে সাড়ে পাঁচ লাখ ব্রিটিশ আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে চলতি মাসের ১৮ জানুয়ারি যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমেন্সে ট্রাম্পের নিষেধাজ্ঞার বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের এই মন্তব্যের পর ওবামা সরাসরি এর আগে কোনও মন্তব্য না করলেও মঙ্গলবার দেওয়া ভাষণে কঠোর তিরষ্কার করেন। ওবামা বলেন,এটা বোঝার বিষয় কী আমাদের শক্তিশালী করছে। শুধু শক্তির জন্যই বিশ্ব আমাদের শ্রদ্ধা করে না।  বৈচিত্র্য,খোলামন ও সব মতালম্বীদের প্রতি শ্রদ্ধার জন্য  বিশ্ব আমাদের সম্মান করে।

মুসলমানদের ওপর হামলার বিষয়ে ওবামা বলেন,‘যখন একজন রাজনীতিক মুসলমানদের অপমান করেন,যখন একটি মসজিদ ভাঙচুর করা হয় কিংবা একটি শিশুকে নিপীড়ন করা হয়,তা আমাদের নিরাপদ করে না। এটা শুধুই ভুল। এতে বিশ্ববাসীর চোখে আমরা ছোট হয়ে যাই। এতে আমাদের লক্ষ্য অর্জন কঠিন করে তোলে। আমরা একটি দেশ হিসেবে যেমন আছি তার সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা করে।’

গত বছর কংগ্রেসে পোপ ফ্রান্সিসের দেওয়া বক্তব্য তুলে ধরে ওবামা বলেন,‘ঘৃণ্য,সহিংসতাকারী ও খুনিদের অনুসরণ করার সবচেয়ে পথ হচ্ছে তাদের স্থানে নিজেদের স্থাপন করা।’

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটের জন্য অভিবাসীদের দায়ী করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন ওবামা।

এছাড়া ভাষণে যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে বিভক্ত অবস্থায় রেখেই ক্ষমতা ছাড়তে হবে বলে হতাশা প্রকাশ করেন ওবামা। দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর যুক্তরাষ্ট্রে রাজনৈতিক মেরুকরণ আরও দৃঢ় হয়েছে; এমন উপলব্ধির কথা জানান ওবামা।  প্রেসিডেন্ট হিসেবে আর এক বছর ক্ষমতায় আছেন ওবামা। তবে এ এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি বিভক্ত হয়ে পড়বে বলে আশঙ্কার কথা জানান তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানান ওবামা। সূত্র: হাফিংটন পোস্ট

/এএ/বিএ/