তালেবান অবস্থানে বিমান হামলা যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে বি-৫২ বোমারু বিমান দিয়ে এসব হামলা চালায় মার্কিন বাহিনী।

তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির বিমান বাহিনীকে এই হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

শনিবার দিনের মাঝামাঝি সময়ে তালেবানের হাতে জাওযজান প্রদেশের রাজধানী শেবারগানের পতন হয়। স্থানীয় এমপি হালিমা সাদাফ জানিয়েছেন, দিনের বেলায় শহরটি আফগান বাহিনীর হাতছাড়া হওয়ার পর রাতেই সেখানে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী- সেন্টকমের মুখপাত্র কর্নেল নিকোল ফ্রেরা বলেছেন, মার্কিন সেনারা গত কয়েকদিনে তাদের আফগান শরিকদের সমর্থনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। তবে কোন ধরনের বিমান ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে তা তিনি স্পষ্ট করেননি।

হালিমা সাদাফ দাবি করেন, তালেবান অস্ত্রধারীরা যখন শেবারগান শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয়। এতে দলটির প্রায় শখানেক সদস্য নিহত হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, জাওযজান প্রাদেশিক পরিষদের প্রধান বাবর ইশচি এবং তার ছেলে আহমদ ইশচি ২০ সহযোগীসহ তালেবানে যোগ দিয়েছেন। তবে নিরপেক্ষ কোনও সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে মার্কিন বাহিনীর বিমান হামলা সত্ত্বেও আফগানিস্তানে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তালেবান। রবিবার কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজের নিয়ন্ত্রণ নেয় দলটি। এ নিয়ে গত তিন দিনে গুরুত্বপূর্ণ তিনটি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছে দলটি।

তালেবানের এক বিবৃতিতে শহরটি দখলের কথা নিশ্চিত করা হয়েছে। কাবুল প্রশাসন অবশ্য দলটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে। তবে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা তালেবানের হাতে শহরটির পতন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল জাজিরার প্রতিনিধি শার্লট বেলিস জানান, ‘তালেবান শহরের পুলিশ প্রধানের দফতর এবং নির্বাচন কমিশন দফতরের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরের প্রধান চত্ত্বরে তালেবানের পতাকা টাঙ্গানো হয়েছে। আফগান সরকার তাদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি অস্বীকার করলেও সামগ্রিক বিবেচনায় সেখানে তাদের পতন ঘটেছে।’ সূত্র: আল জাজিরা, পার্স টুডে।