যুক্তরাষ্ট্র তালেবানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে এবং আফগানিস্তানের নিজের মিত্রদের ত্যাগ করেছে। রবিবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন জাতিসংঘে সাবেক মার্কিন দূত নিকি হ্যালি।
ডোনাল্ড ট্রাম্প আমলের প্রভাবশালী এই কর্মকর্তা বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন, তারা ন্যাটো জোটের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বাগরাম বিমানঘাঁটিতেও আত্মসমর্পণ করেছে। এর মধ্য দিয়ে তালেবানের হাতে সাড়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম তুলে দেওয়া হয়েছে।
নিকি হ্যালি বলেন, বাইডেন প্রশাসন আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার আগেই দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি সরিয়ে নিয়েছে। তারা আফগান মিত্রদের পরিত্যাগ করেছে, যারা আমার স্বামীর নিরাপত্তা দিয়েছিল। এখানে তালেবানের সঙ্গে কোনও আলোচনা বা সমঝোতা হয়নি। এটি একটি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ এবং একটি বিব্রতকর ব্যর্থতা।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি বরাবরই বাইডেন প্রশাসনের আফগান নীতির একজন কট্টর সমালোচক। সূত্র: পার্স টুডে, টাইমস অব ইন্ডিয়া।