করোনাভাইরাসের টিকা নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের একটি আদেশ স্থগিত করে দিয়েছে দেশটির একটি আদালত। ওই আদেশে শতাধিক কর্মী রয়েছে এমন বেসরকারি প্রতিষ্ঠানে সবার জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করা অথবা সাপ্তাহিক কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছিল।
২০২২ সালের জানুয়ারি থেকে ওই পরিকল্পনা বাস্তবায়নের কথা থাকলেও শনিবার একটি আটকে দিয়েছে নিউ অরলিন্সে অবস্থিত পঞ্চম সার্কিট কোর্ট। আদালত বলেছেন, এমন পরিকল্পনা বা টিকা নেওয়া বাধ্যতামূলক করার এ ধরনের আইন উদ্বেগজনক। এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফলে ওই পরিকল্পনা স্থগিত করে আগামী সোমবারের মধ্যে বাইডেন প্রশাসনকে এ বিষয়ে জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে রিপাবলিকান শাসিত পাঁচটি অঙ্গরাজ্য এটি স্থগিতের জন্য আদালতের শরণাপন্ন হয়। এই অঙ্গরাজ্যগুলো হচ্ছে টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলিনা ও উটাহ। তাদের আবেদনের প্রেক্ষিতেই শনিবার সম্ভাব্য ‘গুরুতর বিধিমালা ও সাংবিধানিক’ বিষয়াদির কথা উল্লেখ করে ওই আদেশ স্থগিত করেন পঞ্চম সার্কিট কোর্ট।
যুক্তরাষ্ট্রের কিছু স্থানীয় সরকার কর্তৃপক্ষ এবং কিছু কোম্পানি অবশ্য এরইমধ্যে নিজেদের মতো করে তাদের কর্মীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। তবে, দেশটিতে মহামারী নিয়ন্ত্রণে আনার পদক্ষেপগুলোকে নিজেদের ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন হিসেবে দেখা ব্যক্তিরা এর জোরালো বিরোধিতা করছেন। সূত্র: বিবিসি, এনএইচকে।