ভুয়া ওয়েবসাইটে খুনি ভাড়া করতে গিয়ে কারাগারে নারী

উত্তেজিত ও প্রতিশোধপরায়ণ ওয়েন্ডি ওয়েইন পেশাদার খুনির খোঁজ করছিলেন ভাড়া করার জন্য। আর এজন্যই তিনি ২০২০ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি ক্যাফের ভেতরে অপেক্ষা করছিলেন।

ওয়েইন চেয়েছিলেন তার সাবেক স্বামীকে মৃত দেখতে। কিন্তু তিনি নিজে খুন করতে চাননি এবং এই কাজ করবে এমন বিশ্বাসী কেউ তার পরিচিত ছিল না। ফলে তিনি ইন্টারনেটের সাহায্যের খোঁজ শুরু করেন। পেয়েও যান রেন্ট-অ্যা-হিটম্যান ডট কম নামের একটি ওয়েবসাইট।

কিন্তু এই ঘটনায় ওয়েইনের জন্য বিপদ ডেকে আনে। কারণ ওয়েবসাইটটিই ভুয়া। এটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়ার ৫৪ বছর বয়সী গুইডো ফানেলি ওরফে বব ইনস। তার কাছে আততায়ী ভাড়া করার বিষয়ে গুরুতর তথ্য আসলে তিনি তা পুলিশকে জানিয়ে দেন। ওয়েইনের বিষয়টিও তিনি পুলিশকে জানান।

আততায়ী ভাড়ার জন্য অর্থ দিতে রাজি হওয়ার কয়েক দিনের মাথায় গ্রেফতার হন ওয়েইন। এই বছরের নভেম্বরের শুরুতে তিনি দোষ স্বীকার করেন।

পুলিশ জানায়, ওয়েইন সাবেক স্বামী হত্যার জন্য ৫ হাজার ডলার দিতে সম্মত হন এবং অগ্রিম হিসেবে ২০০ ডলার ডাউন পেমেন্ট করেন। সাবেক স্বামী অন্য রাজ্যে বসবাসের কারণে যাতায়াতের জন্য এই অর্থ দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, জানুয়ারিতে ওয়েইনের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হতে পারে। ধা

মিশিগান পুলিশের তদন্তকারী কর্মকর্তা সার্জেন্ট মাইকেল পিটারসন জানান, রায়ে ৯ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এই নারীর। সূত্র: সিএনএন