নিউ ইয়র্কে বাংলাদেশিকে মারধর: দুই কিশোর গ্রেফতার

দুই কিশোরের মারধরে আহত মুজিবুর রহমানযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক বাংলাদেশিকে মারধরের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।  শুক্রবার ১৪ ও ১৫ বছর বয়সী এই দুই কিশোরকে গ্রেফতার করা হয়। তবে বয়স কম থাকায় তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। নিউ ইয়র্ক ডেইলি নিউজের এক খবরে এ কথা জানা গেছে।
গত ১৬ জানুয়ারি নিউ ইয়র্ক শহরের ব্রংকসে বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টার এলাকার রাস্তায় মারধরের শিকার হন বাংলাদেশি মুজিবুর রহমান (৪৩)। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ১৪ বছর বয়সী ছেলের মা দুই কিশোরের মধ্যে বাংলাদেশিকে মারধরের বিষয় নিয়ে আলাপ শুনতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর শুক্রবার ভোরে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ বছরের আরেকজনকে একটি স্কুল থেকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে ‘হেটেড ক্রাইমের’ অভিযোগ আনা হয়েছে। ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মুজিবুর রহমান তার ৯ বছরের ভাগ্নিকে স্কুল থেকে আনার পথে ওয়াসটন ও পাগসলে অ্যাভিনিউয়ে হামলার শিকার হন।  ভাগ্নিকে নিয়ে রাস্তায় হাঁটার সময় দুজন কিশোর পেছন থেকে এসে ‘আইসিস’ বলে চিৎকার করতে থাকে। এরপর আরও বেশ কয়েকজন কিশোর এসে মুজিবুর রহমানকে পেটানো শুরু করে। এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। এরপরও তাকে কিশোররা পেটাতে থাকে।

/এএ/