যুক্তরাষ্ট্রে এক মাসে ৩ লাখ বেসামরিক ড্রোনের রেজিস্ট্রেশন

nonameযুক্তরাষ্ট্রে মাত্র এক মাসে তিন লাখ বেসামরিক বা ব্যক্তিগতভাবে ব্যবহৃত ড্রোনের রেজিস্ট্রেশন করা হয়েছে। ২১ ডিসেম্বর থেকে বেসামরিক বা ব্যক্তিগতভাবে ব্যবহৃত ড্রোন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করার পর থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এই তিন লাখ ড্রোন রেজিস্ট্রেশন করা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এ তথ্য জানিয়েছে।
এফএএ অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল হুয়ের্তা বলেন, ড্রোনের রেজিস্ট্রেশনের সংখ্যা দেখে আমরা উৎসাহিত। সবাই যাতে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
২১ জানুয়ারির আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের প্রত্যেককে ৫ ডলার ফি মওকুফ করা হয়েছে। প্রতি তিন বছর অন্তর ড্রোন রেজিস্ট্রেশন করতে হবে। ২১ ডিসেম্বরের পূর্বে যারা ড্রোন চালিয়েছেন তাদেরকে অবশ্যই ১৯ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ড্রোন ব্যবহারকারীদের নাম, ঠিকানা ও ইমেইল অ্যাড্রেস দিতে এফএএকে। বর্তমানে কোনও ড্রোন জব্দ করা হলে তার মালিককে খুঁজে পাওয়া যায় না। এফএএ মনে করে, রেজিস্ট্রেশন সম্পন্ন হলে মালিককে শনাক্ত করা সহজ হবে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী অ্যান্থনি ফক্স জানান, জাতীয় আকাশসীমা সবার জন্য একটি সম্পদ। এটাকে নিরাপদ রাখা সবার দায়িত্ব।

২০১৩ সাল থেকেই ব্যক্তিগতভাবে ড্রোন ব্যবহার হুমকিজনক হয়ে ওঠছে। সর্ব প্রথম জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলো মের্কেলের ওপর দিয়ে একটি ড্রোন চালানো হয়। গত বছর মে মাসে হোয়াইট হাউসের ওপর দিয়েও ড্রোন চালানোর চেষ্টা করা হয়।

ধারণা করা হচ্ছে, ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১ মিলিয়ন ড্রোন বিক্রি হয়েছে। ফলে রেজিস্ট্রেশন করা ড্রোনের সংখ্যা এক তৃতীয়াংশ। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/