যুদ্ধে রাশিয়ার কাছে ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়: ব্লিনকেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, পূর্ব ইউরোপে চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে তিনি মনে করেন। তবে এই যুদ্ধ কতদিন চলতে পারে সে সম্পর্কে কিছু বলতে পারেননি যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক। তার মতে, এই যুদ্ধে ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এসব কথা জানান ব্লিনকেন।

রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনীয় জনগণের অসাধারণ প্রতিরোধের প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মস্কোর যদি লক্ষ্য থাকে ইউক্রেনের সরকারের পতন ঘটিয়ে নিজেদের পুতুল সরকার বসানো, তাহলে দেশটির ৪ কোটি ৫০ লাখ ইউক্রেনীয় যেকোনও ভাবে তা প্রত্যাখ্যান করবে।

তিনি দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা মতো যুদ্ধ আগাচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে সহযোগিতায় সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভ্লাদিমির পুতিনের বেছে নেওয়া এই যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর যন্ত্রণাদায়ক চাপ প্রয়োগেও অঙ্গীকারাবদ্ধ।

যুদ্ধে ইউক্রেন জিতবে বলে তিনি মনে করেন কিনা জানতে চাইলে ব্লিনকেন বলেন, সময় গড়ানোর সঙ্গে, অবশ্যই। আমি বলতে পারছি না কতদিন যুদ্ধ চলবে। কতদিন লাগবে ইউক্রেনের জিততে তাও বলতে পারছি না। কিন্তু এখনই ইউক্রেনের সাড়ে চার কোটি মানুষ নিজেদের ভবিষ্যৎ ও স্বাধীনতার জন্য লড়ছে। এটাই অনেক কিছু বলে দেয়।

পরিস্থিতির অবনতি হওয়া নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি। বলেন, এটাই আমাদের মনোযোগের বিষয়। কারণ যুদ্ধের চেয়ে এটিই একমাত্র ভয়াবহ বিষয়। এটি ইউক্রেন ছাপিয়ে আরও ছড়িয়ে পড়তে পারে।

যুদ্ধ থামাতে মস্কোর নেতৃত্ব বদল চায় কিনা যুক্তরাষ্ট্র জানতে চাইলে তিনি বলেন, আমরা এমনটি চাই না। কোনও ঘটনাতেই এটি আমাদের বিষয় নয়। রুশ জনগণকে তাদের নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।