চীনের কাছে সশস্ত্র ড্রোন চেয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

ইউরোপীয় মিত্রদের সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, ফেব্রুয়ারির শেষের দিকে চীনের কাছে সশস্ত্র ড্রোন চায় রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু এই বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর কূটনৈতিক সহযোগী চীন। তবে ইউক্রেনে আগ্রাসনের সময় চীনের সহায়তা যেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না পায় তা নিশ্চিত করতে চাইছে যুক্তরাষ্ট্র।

সোমবার হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চীনের শীর্ষ কূটনীতিক এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ইয়ান জিয়েচির সঙ্গে ছয় ঘণ্টা দীর্ঘ বৈঠক করেন। ইউক্রেনসহ নানা ইস্যুতে তাদের আলোচনা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা ওই বৈঠককে নিবিড় আখ্যা দিলেও সামরিক সহায়তার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে কিনা তা জানাতে অস্বীকৃতি জানান। তবে চীনা প্রতিনিধি ইয়ান জিয়েচি ইউক্রেনে লড়াইরত সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

সুলিভান ও জিয়েচির বৈঠকের আগেই মার্কিন কর্মকর্তারা রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সহায়তা পাওয়ার প্রচেষ্টা নিয়ে কথা বলতে শুরু করেন। ড্রোন সহায়তা প্রসঙ্গে জানতে চাইলে সোমবার রাতে ওয়াশিংটনের চীনা দূতাবাসের এক মুখপাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ানের পূর্বের এক বিবৃতির প্রতি ইঙ্গিত করেন। ঝাও বলেন, ‘যুক্তরাষ্ট্র অসাধু উদ্দেশে চীনকে লক্ষ্য করে ভুয়া তথ্য ছড়াচ্ছে। শান্তি আলোচনা উৎসাহিত করতে আমরা গঠনমূলক ভূমিকা রাখছি।’

সূত্র: ব্লুমবার্গ