হোয়াইট হাউস থেকে ওবামা’র মসজিদ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মসজিদটির নাম ‘আল রাহমান মসজিদ'। ১৯৮০ সালে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর এ মসজিদটি প্রতিষ্ঠা করে।
হোয়াইট হাউসের মুখপাত্র কিথ ম্যালে জানান, মুসলিম মার্কিনিরা আমাদের বন্ধু, প্রতিবেশী, সহকর্মী ও ক্রীড়াবিদ। তারা আমাদের দেশরক্ষায়ও কাজ করছেন। এ কথাগুলো সবাইকে জানাতেই প্রেসিডেন্ট ওবামার বাল্টিমোরের মসজিদ পরিদর্শনের কর্মসূচি।
ওবামার এই মসজিদ পরিদর্শন কর্মসূচির আয়োজক ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর (আইএসবি)। মসজিদ পরিদর্শনকালে সেখানে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করবেন ওবামা। তাদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি।
আইএসবি প্রেসিডেন্ট মাকবুল প্যাটেল আল জাজিরাকে বলেন, “প্রেসিডেন্ট ওবামা আমাদের সেন্টারে আসছেন। এতে আমরা সম্মানিত বোধ করছি। আইএসবি একটি বিশাল সংস্থা। এই ইসলামিক সেন্টারটির সঙ্গে কয়েক হাজার পরিবার জড়িত রয়েছেন।”
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-কেয়ারের মুখপাত্র ইব্রাহিম বলেন, "তার (ওবামা) মসজিদে আগমনে ‘পারষ্পরিক শ্রদ্ধাবোধ’ প্রকাশের চিরাচরিত মার্কিন রীতির স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটবে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়াতে আগ্রহীদের কাছেও এটা একটা ইতিবাচক বার্তা পৌঁছাবে।”
ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর প্রায় আট একর এলাকাজুড়ে অবস্থিত। সেখানে মসজিদ ছাড়াও একটি স্কুল এবং একটি মাল্টিপারপাস হল রয়েছে।
এর আগে ২০১০ সালে ইন্দোনেশিয়ার জাকার্তার একটি মসজিদ পরিদর্শন করেন ওবামা। সেখানে তিনি ভাষণও দিয়েছিলেন। সূত্র: আল জাজিরা।
/এমপি/