মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে চীন তার প্লেনে হামলা চালানোর আশঙ্কা খুবই সামান্য বলে বিশ্বাস করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে মার্কিন পার্লামেন্টের স্পিকার এমন এক উত্তপ্ত স্থানে সফর করতে যাচ্ছেন যেখানে ভুল পদক্ষেপ কিংবা ভুল বোঝাবুঝিতেও তার নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। ফলে যেকোনও পরিস্থিতির জন্য পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
কর্মকর্তাদের বরাদে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে পেলোসির তাইওয়ান সফর এখনও নিশ্চিত নয়। তবে তিনি যদি সেখানে যান তাহলে মার্কিন সেনাবাহিনী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের কার্যক্রম বাড়াবে। বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও তারা বলেছে যুদ্ধবিমান, জাহাজ ও নজরদারি সরঞ্জামসহ সামরিক ব্যবস্থার সব উপকরণই তার নিরাপত্তায় ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্রের যেকোনও সিনিয়র নেতার বিদেশ সফরের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা গ্রহণ করা হয়। তবে কর্মকর্তারা এই সপ্তাহে জানিয়েছেন পেলোসি যদি তাইওয়ানে সফরে যান তাহলে সেটি ১৯৯৭ সালের পর সেখানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্বাচিত কোনও কর্মকর্তার সফর হবে। আর এই ঝুঁকিপূর্ণ গন্তব্য সফর ঘিরে অস্বাভাবিক নিরাপত্তা সতর্কতা গ্রহণ করা হবে।
পেলোসির সম্ভাব্য সফরের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলে বুধবার বলেন কোনও সুনির্দিষ্ট সফর নিয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তবে তিনি বলেন, ‘স্পিকার পেলোসি কিংবা অন্য কেউ যদি সফরের সিদ্ধান্ত গ্রহণ করেন আর তারা যদি সামরিক সহায়তা চান তাহলে তাদের সফর সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে’।
স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ বলে বিবেচনা করে চীন। প্রয়োজন পড়লে তারা জোর করে দ্বীপটিকে দখলে নেওয়ার কথা বারবার বলে আসছে। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে। তাদের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্কও রয়েছে।
সূত্র: এপি