যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সাত প্রাপ্তবয়স্ক ও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিজের পরিবারের সদস্যদের মরদেহ দেখে হতভম্ব হয়ে পড়েছেন এক দমকলকর্মী।
পেনসিলভানিয়া পুলিশ মারা যাওয়া ছয় জনের নাম প্রকাশ করেছে। তবে সবচেয়ে ছোট শিশুদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এসব শিশুদের বয়স পাঁচ, ছয় ও সাত বছর। অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে অপরাধের তদন্ত শুরু হয়েছে।
ধারণা করা হচ্ছে শুক্রবার ভোরে বাড়িটির বারান্দা থেকে আগুনের সূত্রপাত হয়। হ্যারল্ড বেকার নামের ওই দমকলকর্মী জানিয়েছেন মারা যাওয়াদের মধ্যে তার ছেলে, মেয়ে, শ্বশুর, শ্যালক, শ্যালকের স্ত্রী, তিন নাতি ও অন্য দুই আত্মীয় রয়েছেন। তিনি জানান, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। তারা বাড়িতে থাকতেন না তবে গ্রীষ্মকালে তারা সেখানে বেড়াতে আসেন।
রাজ্য পুলিশ এখন পর্যন্ত মরদেহ শনাক্ত করেছেন তারা হলেন ডেল বেকার (১৯), স্টার বেকার (২২), ডেভিড ডোবার্ট (৪২), লরা ডোবার্ট (৪৯) এবং মারিয়ান স্লাসার (৫৪)। হেরল্ড বেকার জানিয়েছেন তার ছেলে ডেল তাকে অনুসরণ করে ফায়ার সার্ভিস বিভাগে যোগ দিয়েছিলেন।
পুলিশ বলছে, ধ্বংস হয়ে যাওয়া বাড়িটি থেকে কুকুরের সাহায্যে মরদেহগুলো উদ্ধার করা হয়। তিন প্রাপ্তবয়স্ক আগুন থেকে পালাতে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
ফিলাডেলফিয়া থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে নেসকোপেক এলাকার একটি বাড়িতে শুক্রবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে আগুন শুরু হয়। পেনসিলভানিয়া পুলিশের কর্মকর্তা ডেরেকে ফেলসম্যান বলেন, ‘অগ্নিনির্বাপক কর্মীরা পেছন দিক দিয়ে বাড়িতে প্রবেশের সাহসী চেষ্টা চালায়, কিন্তু ব্যাপক অগ্নিকাণ্ড এবং তাপের কারণে তারা পিছু হটতে বাধ্য হয়’।
সূত্র: বিবিসি