যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাংলাদেশি দম্পতির অবৈধ পণ্য শনাক্ত করলো ‌‘হ্যারি’

দেশের বাইরে থেকে কোনও প্রাণী, রান্না করা মাংস, খাবার, চাল-ডাল ইত্যাদি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিয়মকে পাত্তা না দিয়ে এসব পণ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বিমানবন্দরে প্রবেশের সময় ধরা খেলো বাংলাদেশি দম্পতি। এতে সহযোগিতা করেছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এক কুকুর 'হ্যারি'।

অন্য দেশ থেকে কৃষিপণ্য নেওয়ার সুযোগ নেই যুক্তরাষ্ট্রে। কারণ কৃষিপণ্য থেকে প্রাণী বা উদ্ভিদে রোগ ছড়াতে পারে। এই শঙ্কা থেকেই এ ধরনের পণ্য নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

ফিলাডেলফিয়া বিমানবন্দরে আটক বাংলাদেশি দম্পতির লাগেজ থেকে এসব পণ্য উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বাহিনী উদ্ধার পণ্য প্রদর্শন করে। তারা জানিয়েছে, প্রায় ৪৪ পাউন্ড গরুর মাংস, রান্না না করা চাল, ফল, শাকসবজি, এবং বীজ উদ্ধার করেছে। তাদের লাগেজে এসব কৃষিপণ্য আছে কিনা এ নিয়ে সন্দেহ হয় কর্তৃপক্ষের। জিজ্ঞাসা করলে, প্রথমে অস্বীকার করেন ওই দম্পতি। পরে কুকুর হ্যারির মাধ্যমে শনাক্ত করা হয়। এসব পণ্যকে ক্ষতিকারক বলছেন সংশ্লিষ্টরা।

এদিকে গত ১০ আগস্ট কেনিয়া থেকে আসা এক শিক্ষার্থীর ব্যাগের বিষয়ে সতর্কবার্তা দেয় হ্যারি। তল্লাশি চালিয়ে ১৫ পাউন্ড সবজি পাওয়া যায় তার ব্যাগ থেকে। এছাড়া গত ১ আগস্ট বাংলাদেশ থেকে আসা এক ভ্রমণকারীর লাগেজ নিয়েও সতর্ক সংকেত দেয়। একইভাবে তল্লাশি চালিয়ে ১৫ পাউন্ড গরু, শূকরের মাংস ও সবজি পাওয়া যায়। জব্দকৃত পণ্য ধ্বংস করেছে কর্তৃপক্ষ।

সূত্র: মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা