ইউক্রেনের জন্য ৩৭০০ কোটি ডলার সহায়তা চাইলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কংগ্রেসের কাছে ইউক্রেনের জন্য ৩৭০০ কোটি ডলারের বেশি জরুরি সহায়তা চেয়েছেন। রাশিয়ার আক্রমণে বিপর্যস্ত ইউক্রেনের এটি হবে বড় ধরনের আর্থিক সহযোগিতা। এটি দেশটির বাজেট ঘাটতিতে সহায়তা করবে। যুদ্ধক্ষেত্রে রাশিয়া যখন ক্রমশ ব্যর্থতার দিকে এগোচ্ছে তখন বাইডেন ইউক্রেনের জন্য এই জরুরি সহায়তা চাইলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

প্রশাসনিক তহবিলের এই অনুরোধ মধ্যবর্তী নির্বাচনের পরে জানানো হলো। এতে আরও ৯২৫ কোটি ডলার তহবিল চাওয়া হয়েছে শীতে সম্ভাব্য করোনাভাইরাস মোকাবিলার প্রস্তুতির জন্য। সরকারের তহবিল বরাদ্দ শেষ হয়ে যাবে ডিসেম্বরের মাঝামাঝিতে। ইউক্রেন ও কোভিড সহযোগিতা ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সরকারের প্যাকেজের অংশ।

এমন সময় বাইডেন ইউক্রেনের জন্য বিরাট অঙ্কের এই সহযোগিতা চাইছেন তখন মধ্যবর্তী নির্বাচনের পর প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী দল রিপাবলিকান পার্টি। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি স্পিকার হওয়ার পথে রয়েছেন। এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাহলে ইউক্রেনকে সহযোগিতায় ‘ব্ল্যাংক চেক’ দেওয়া হবে না।

হোয়াইট হাউজের ব্যবস্থাপনা ও বাজেট বিষয়ক প্রধান শালান্ডা ইয়ং বলেছেন, চলতি বছরে ইউক্রেনের জন্য কংগ্রেস কর্তৃক অনুমোদিত বরাদ্দ ৪০০০ কোটি ডলারের চারভাগের তিনভাগ ইতোমধ্যে বিতরণ বা প্রতিশ্রুতি দেওয়অ হয়েছে। বাইডেন প্রশাসন আরও ৩৭৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির কাছে এক চিঠিতে শালান্ডা ইয়ং লিখেছেন, কংগ্রেসে ঐক্যবদ্ধভাবে, সর্বদলীয় সমর্থনে আমরা ইউক্রেনকে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিতে পেরেছি যা দেশটিকে যুদ্ধক্ষেত্রে সাফল্য এনে দিয়েছে। আমরা এই সহযোগিতা বন্ধ করতে পারি না।

ইউক্রেনের জন্য প্রস্তাবিত সহযোগিতার মধ্যে রয়েছে ২১৭০ কোটি ডলার সামরিক, গোয়েন্দা ও অন্যান্য প্রতিরক্ষা সহযোগিতা, ১৪৫০ কোটি ডলার মানবিক সহযোগিতা এবং ৯০ কোটি ডলার স্বাস্থ্যসেবা এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত ইউক্রেনীয়দের জন্য সহযোগিতা এবং ৬২.৬ কোটি ডলার ইউক্রেনের পারমাণবিক নিরাপত্তা সহযোগিতা এবং কৌশলগত পেট্রোলিয়াম মজুতের আধুনিকায়নের জন্য।

ইতোমধ্যে ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার মধ্যে ছিল কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আর্মরবিরোধী ব্যবস্থা। এছাড়া সাড়ে আট কোটি রাউন্ড গুলিসহ ড্রোন, ট্যাংক, ট্রাক, রাডার, বডি আর্মর ও অনান্য সরঞ্জাম দেওয়া হয়েছে।

ইউক্রেনীয় নেতারা যুক্তরাষ্ট্রের কাছে আরও আধুনিক, দূরপাল্লার অস্ত্র চেয়ে আসছেন। কিন্তু যুক্তরাষ্ট্র দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। তারা এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করছে না যা দিয়ে রাশিয়ার গভীরে বা মস্কোতে আঘাত করা যায়।