৪ দফার ভোটেও স্পিকার হতে পারলেন না ম্যাকার্থি

চার দফা ভোটের পরও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচন হয়নি। রক্ষণশীল রিপাবলিকান কেভিন ম্যাকার্থির বিরুদ্ধে দলের সদস্যদের ভোট দেওয়া অব্যাহত রয়েছে। বুধবার অধিবেশন শুরুর পর পঞ্চম দফাতেও কোনও প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা পাননি। এবার পঞ্চম দফা ভোট অনুষ্ঠিত হবে।

গত ১০০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের এমন ঘটনা এই প্রথম ঘটলো। ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার জন্য ভোটে কোনও রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট কেউই জয়ী হতে পারেননি। এর আগে সর্বশেষ ১৯২৩ সালে নয়বার ভোটের পর স্পিকার নির্বাচিত হয়েছিলেন।

চার ধাপের ভোটে স্পিকারশিপ জিততে ব্যর্থ হন ম্যাকার্থি। শেষ ধাপের ভোটে ২০ জন রিপাবলিকান তার বিরোধিতা করেন। ভোটে সংখ্যাগরিষ্ঠতা নির্দিষ্ট হওয়ার আগ পর্যন্ত ভোট চলবে। স্পিকার হতে ২১৮ ভোটের প্রয়োজন হয়। এবার সংখ্যাগরিষ্ঠতা না থাকা এবং রিপাবলিকান কেউ ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেবেন না, ফলে ডেমোক্র্যাট স্পিকার পাওয়ার সুযোগ কম। রিপাবলিকান দলে বিরোধ মীমাংসা হলে সবাই কোনও এক প্রার্থীকে ভোট দিলে সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হতে পারে।

৫৭ বছর বয়সী ম্যাকার্থি দীর্ঘদিন ধরে প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার চেষ্টা করছেন। এবার তিনি সেই লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন।   

তৃতীয় ধাপের ভোটে ২০ জন ভিন্নমতাবলম্বী রিপাবলিকান প্রার্থী জর্ডানের পক্ষে ভোট দিয়েছেন। যদিও জর্ডান নিজেই ম্যাকার্থিকে নতুন দুই বছরের অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান ককাসের নেতৃত্ব দেওয়ার জন্য তার পছন্দের প্রার্থী হিসেবে মনোনীত করেছিলেন।

চতুর্থ ধাপের ভোটে উগ্র-ডানপন্থীরা তাদের প্রার্থী হিসেবে বায়রন ডোনাল্ডকে বেছে নেয়। ভোটের আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যাকার্থির প্রতি সমর্থন জানালেও ভোটে তেমন প্রভাব পড়েনি। 

২১২ জন ডেমক্র্যাট সদস্যের সবাই নিউইয়র্কের ডেমোক্র্যাটিক প্রতিনিধি হেকিম জেফ্রিসের পক্ষে স্পিকারশিপের জন্য ভোট দিয়েছেন, যদিও তার জেতার কোন সম্ভাবনা নেই। কারণ কোন রিপাবলিকান তাকে ভোট দেওয়ার পরিকল্পনা করেননি। শেষ ব্যালটে, ২০২ জন রিপাবলিকান ম্যাকার্থিকে ভোট দিয়েছেন, যা তার জয়ের জন্য প্রয়োজনীয় ২১৮টি ভোটের মধ্যে ১৬টি কম।

একজন কট্টর রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত ম্যাকার্থি। গত নভেম্বরে অনুষ্ঠিত পরিষদের রিপাবলিকান ককাসে ১৮৮টি ভোট পেয়েছিলেন। তারপর থেকে স্পিকারশিপের জন্য ২১৮টি ভোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে আরও কিছু সমর্থন অর্জন করতে সক্ষম হন।

কিন্তু রিপাবলিকানদের পাঁচ বা তার বেশি সদস্যের একটি অতি-ডানপন্থি গোষ্ঠী স্পিকারশিপের জন্য ম্যাকার্থির প্রার্থিতার বিরোধিতা করে আসছেন। তাদের ধারণা, তিনি রক্ষণশীলদের জন্য যথেষ্ট নিবেদিত প্রাণ নন।

সূত্র: ভয়েস অব আমেরিকা, বিবিসি, গার্ডিয়ান