মেক্সিকোতে বন্দুক ঠেকিয়ে অপহরণ করা চার মার্কিন নাগরিকের মধ্যে দুজন মৃত এবং দুজন জীবিত রয়েছেন। মঙ্গলবার মেক্সিকোর এক রাজ্য গভর্নর এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
৩ মার্চ যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তের অপর পাশে মেক্সিকোর মাতামরোস শহরে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করা হয় চার মার্কিন নাগরিককে। অপহৃতদের আত্মীয়রা মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, তারা সেখানে কসমেটিক সার্জারির জন্য গিয়েছিল। দুই মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এখনও নিশ্চিত করেনি।
মেক্সিকোর তামাউলিপাস রাজ্যের গভর্নর আমেরিকো ভিয়ারিয়েল এক সংবাদ সম্মেলনে বলেছেন, মেক্সিকোর অ্যাটনি জেনারেলের কার্যালয় নিশ্চিত হয়েছে দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে।
মেক্সিকোর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। অপর এক পুরুষ ও নারী নিরাপদ এবং কর্তৃপক্ষের কাছে রয়েছেন।
গভর্নর ভিয়ারিয়েল বলেছেন, জীবিতদের সহযোগিতার জন্য অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাকর্মীরা পথে রয়েছে। আমাদের দেশে যা ঘটেছে সেজন্য আমরা খুবই দুঃখিত। নিহতদের পরিবার, বন্ধু ও যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আমরা শোক জানাচ্ছি। শান্তির নিশ্চয়তার জন্য আমরা কাজ চালিয়ে যাওয়া অব্যাহত রাখব।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ চার মার্কিন নাগরিকের নাম প্রকাশ করেছে। তারা হলেন, লাটাভিয়া তায় ম্যাকগি, শাইদ উডওয়ার্ড, এরিক জেমস উইলিয়ামস ও জিন্ডেল ব্রাউন।
এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছিল, শুক্রবার (৩ মার্চ) অজ্ঞাত বন্দুকধারীরা মার্কিন নাগরিকদের মিনিভ্যান গুলি করে থামায়। পরে বন্দুকঠেকিয়ে তাদের একটি পিকআপ ট্রাকে তোলায় হয়। এই ট্রাকে ভারী অস্ত্রসজ্জিত একাধিক ব্যক্তি ছিল।
এই ঘটনায় মেক্সিকোর এক নারী নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একজন পথচারী ছিলেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর এই ঘটনাকে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব হিসেবে উল্লেখ করেছেন।
অজ্ঞাত এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, তদন্তকারীদের ধারণা মেক্সিকোর একটি মাদক চক্র হয়ত মার্কিন নাগরিকদের হাইতির মাদকপাচারকারী ভেবে অপহরণ করেছে।