আদালত কক্ষে প্রবেশের আগে ‘এক লাইনে’ মন্তব্য করবেন ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত কক্ষে প্রবেশের আগে সংক্ষিপ্ত মন্তব্য করবেন। তার উপদেষ্টাদের কয়েকজন সিএনএনকে বলেছেন, ট্রাম্প এক লাইনে এই মন্তব্য করবেন।

ট্রাম্পের উপদেষ্টারা বলছেন, আদালত থেকে মার-এ-লাগোতে গিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করবেন। মঙ্গলবার রাতেই তিনি কথা বলবেন।

মঙ্গলবার সকাল রিপাবলিকান মিত্র, রাজনৈতিক উপদেষ্টাদের ঘনিষ্ঠ মহল ও আইনজীবী দলের সঙ্গে কাটিয়েছেন ট্রাম্প।

আদালতে হাজিরা দিতে সোমবার ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে পৌঁছান রিপাবলিকান নেতা।

এর আগে ট্রাম্পের আইনজীবী জো তাকোপিনা সিএনএন-কে বলেছেন, অভিযোগ পড়ে শোনানোর দিন আমরা কিছু করব না। কারণ আমরা এখনও অভিযোগ দেখিনি। আমরা অভিযোগ পেয়ে তা পর্যবেক্ষণ করব। চ্যালেঞ্জ করার মতো সবকিছু খতিয়ে দেখে চ্যালেঞ্জ করব আমরা। ট্রাম্প অপরাধ স্বীকার করে সাজা কমানোর আবেদন করবেন না।

ট্রাম্পের আদালতে হাজিরাকে কেন্দ্র করে পুরো নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পথে পথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমর্থকদের বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বিক্ষোভকারী, ট্রাম্প সমর্থক ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আদালতের আশেপাশে জড়ো হয়েছেন। 

নিউ ইয়র্কের ম্যান হাটনের গ্র্যান্ড জুরি বৃহস্পতিবার অভিযোগ গঠন করে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ। যদিও ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।