সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কের কথা গোপন রাখতে ঘুষ দেওয়ার মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের গ্রেফতারের বিষয়ে মুখ খুললেন সেই ড্যানিয়েলস।
মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার বিষয়টিকে কারাগারে যাওয়ার মতো বড় অপরাধ হিসেবে দেখছেন না স্টর্মি ড্যানিয়েলস। মঙ্গলবার এই অপরাধের অভিযোগে ট্রাম্পকে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি।
মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় আদালতের সর্বশেষ শুনানির পর এক সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস বলেন, ‘আমার প্রতি তার অপরাধকে কারাদণ্ডের যোগ্য বলে মনে করি না।’
ড্যানিয়েলসকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দেন ট্রাম্পের আইনজীবী। এ মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির (ডিএ) কার্যালয়ে মঙ্গলবার আত্মসমর্পণ করেন ট্রাম্প। পরে তাকে গ্রেফতার করা হয়।
আদালতে ব্যবসায়িক প্রতারণার ৩৪টি অপরাধের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। অন্যান্য অপরাধ প্রমাণিত হলে ট্রাম্পকে তার প্রাপ্য শাস্তি দেওয়া উচিত বলে জানান স্টর্মি।
ট্রাম্পকে কারাগারে যেতে দেখে মিশ্র অনুভুতি হওয়ার কথা জানিয়েছেন ড্যানিয়েলস। মামলার পরবর্তী শুনানিতে সাক্ষ্য দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, ‘অবশ্যই সাক্ষ্য দেব’। তিনি আরও বলেন, ‘আমার কোনও কিছুই গোপন করার নেই। শুরু থেকেই সত্যটা সবাইকে বলে আসছি আমি।’
ট্রাম্পের মামলার পরবর্তী শুনানির তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরাধী প্রমাণিত হলে সর্বোচ্চ ৪ বছরের কারাদণ্ড হতে পারে তার।
ড্যানিয়েলসের প্রকৃত নাম স্টেফানি ক্লিফোর্ড। তিনি ২০১১ সালে এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কথা বলেছিলেন। তবে টাচ উইকলিকে দেওয়া সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ২০১৮ সালের জানুয়ারিতে। সাক্ষাৎকারে ড্যানিয়েল দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ২০০৭ সাল পর্যন্ত স্থায়ী ছিল সে সম্পর্ক।
২০১৮ সালের ১২ জানুয়ারি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলসকে সম্পর্কের ব্যাপারে ‘চুপ থাকার’ জন্য ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিল। কোহেন প্রথম দিকে ট্রাম্পের সঙ্গে ড্যানিয়েলের সম্পর্কের কথা অস্বীকার করলেও বিষয়টি শেষ পর্যন্ত চেপে রাখতে পারেননি।
সূত্র: বিবিসি