জন্মদিনের পার্টিতে গুলি: দুই ভাইসহ ৩ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ

যুক্তরাষ্ট্রের আলাবামাতে এক কিশোরের ১৬তম জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত চার জন নিহত হওয়ার ঘটনায় দুই কিশোর ও ২০ বছরের এক যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই ঘটনায় আহত হন ৩২ জন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ১৭ বছরের রেইক ম্যাককলাফ এবং ১৬ বছরের ট্র্যাভিস ম্যাককলাফ নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়। ২০ বছর বয়সী উইলসন লামার হিলকে গ্রেফতার করা হয় বুধবার বিকালে।

পুলিশ জানায়, সন্দেহভাজনদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার চারটি অভিযোগ আনা হচ্ছে। শনিবার রাতের হামলার ঘটনায় আরও অভিযোগের আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, তিনজন সন্দেহভাজন বাড়ি টাস্কেগিতে। আলাবামার থেকে যার দূরত্ব প্রায় ৪০ মিনিটের পথ।

দুই কিশোরকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করা হবে। আলামাবা রাজ্যে হত্যার অভিযোগে ১৬ বা তার বেশি বয়সী যেকোনও ব্যক্তিকে আদালতে তোলা যায়।

এক সংবাদ সম্মেলনে বুধবার কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

কর্মকর্তারা আগে বলেছিলেন, ঘটনাস্থল থেকে হ্যান্ডগানে ব্যবহৃত শেল ক্যাসিংগুলো উদ্ধার করেছে। হামলায় উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেল ব্যবহার করা হয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে চারজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলাবামা ল এনফোর্সমেন্ট এজেন্সি (এএলইএ) এর সার্জেন্ট জেরেমি বার্কেট বলেন, ‘আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে ভুক্তভোগীদের প্রত্যেকেই ন্যায়বিচার পাবেন।’

সূত্র: বিবিসি

/এসপি/