মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, ইউক্রেনকে ৩১টি অত্যাধুনিক এম১এ২ আব্রামস ট্যাংক সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত রুশবিরোধী যুদ্ধে পার্থক্য গড়ে দেবে। তবে এটি কোনও জাদুকরি অস্ত্র নয়। শুক্রবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এমন সময় মিলি এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ইউক্রেনীয়দের প্রশিক্ষণের জন্য যেসব আব্রামস ট্যাংক ব্যবহার করা হবে, সেগুলো আগামী সপ্তাহের মধ্যে জার্মানিতে পৌঁছাবে।
জেনারেল মিলি বলেন, আমি পক্ষপাতী, আমি মনে করি আব্রামস ট্যাংক বিশ্বের সেরা ট্যাংক। ইউক্রেনকে এগুলো সরবরাহ করা হলে তা পার্থক্য গড়ে দেবে। কিন্তু আমি সর্তক করতে চাই, যুদ্ধে এসব ট্যাংক জাদুকরি কোনও অস্ত্র নয়।
জানুয়ারি মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক সরবরাহ করা হবে। এই সংখ্যক ট্যাংক দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাংক ব্যাটালিয়ন তৈরি করতে পারবে।
ওই সময় বাইডেন বলেছিলেন, রণক্ষেত্রে রাশিয়ার পরিবর্তিত কৌশল ও কর্মপরিকল্পনার প্রতিহত করতে সক্ষম হতে হবে ইউক্রেনকে।
মার্কিন আব্রামস ট্যাংকে থাকবে ১২০ মিলিমিটার কামান এবং ৫০-ক্যালিবারের ভারী মেশিনগান। এছাড়া থাকবে অত্যাধুনিক বর্ম। এসব আনুসাঙ্গিক সরঞ্জাম সাধারণত ৭.৬২ মিলিমিটার মেশিনগানসহ এম১এ২ ট্যাংকে থাকে।
শুক্রবার রুশসেনাবাহিনী নিয়েও মন্তব্য করেছেন জেনারেল মিলি। তিনি বলেছেন, রুশবিরোধী লড়াইয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী খুব ভালো দক্ষতার প্রদর্শন করছে। বিপরীতে রুশ সেনাবাহিনীর ইচ্ছা ও মনোবলের ঘাটতি রয়েছে।