যুক্তরাষ্ট্রের মেরিন বাহিনীর এক সাবেক সেনা উইলি জোসেফ ক্যানসেল ইউক্রেনে নিহত হয়েছেন। সোমবার (১ মে) লড়াইয়ে তিনি নিহত হন বলে পরিবারের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তার এক স্ত্রী ও ৭ মাস বয়সী এক শিশু রয়েছে।
নিহতের মা রেবেকা ক্যাব্রেরা বলেছেন, মৃত্যুর সময় একটি বেসরকারি সামরিক কোম্পানিতে কাজ করছিলেন তার ছেলে।
ধারণা করা হচ্ছে, রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধে প্রথম নিহত মার্কিন সেনা হতে পারেন উইলি জোসেফ।
সিএনএন জানিয়েছে, তিনি ইউক্রেনের লড়াইয়ে যোগদানের জন্য নিবন্ধনের আগে টেনেসিতে সংশোধন কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর আগেই একটি সামরিক ঠিকাদার সংস্থায় নিবন্ধন করেন। যুদ্ধ শুরুর পর ইউক্রেনে লড়াইয়ে আগ্রহীদের খোঁজ করে সংস্থাটি। তিনি রাজি হন। গত বছর মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে তিনি পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশ করেন।
জোসেফ ক্যানসেলের নিহতের বিশদ বিবরণ এখনও জানা যায়নি। তবে তার মা জানিয়েছেন, তার ছেলের দেহ এখনও উদ্ধার করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, নিহতের খবর সম্পর্কে আমরা সচেতন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। গোপনীয়তা বিবেচনায় আমাদের আর কোনও মন্তব্য নেই।
চলমান সশস্ত্র সংঘাতের কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের ইউক্রেনে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক মুখপাত্র বিষয়টি আবারও তুলে অপর এক মুখপাত্র পরামর্শের কথা আবারও তুলে ধরেছেন।
জোসেফ ক্যানসেল নর্থ ক্যারোলাইনার ক্যাম্প লেজিউয়েন মোতায়েন ছিলেন এবং মেরিন রাইফেলম্যান হিসেবে কাজ করেছেন।
মার্কিন মেরিন কর্পসের মুখপাত্র মেজর জিম স্টেনগার বলেছেন, আচরণগত শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে বাহিনী থেকে বাদ দেওয়া হয়েছিল। তাকে কখনও যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়নি।