গর্ভপাতের কারণে প্রেমিকাকে হত্যার অভিযোগ

গর্ভপাতের কারণে প্রেমিকাকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১০ মে) এ ঘটনার পর শুক্রবার হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে প্রেমিক হ্যারল্ড থম্পসনকে।

ঘটনার আগের দিন যুক্তরাষ্ট্রের কলোরাডোয় গর্ভপাত করেন ২৬ বছরের গ্যাব্রিয়েলা গঞ্জালেজ। এতে আপত্তি ছিল তার প্রেমিকের। দ্বন্দ্বের শুরুটা এই ঘটনা নিয়েই। 

২২ বছরের প্রেমিক থম্পসনের সঙ্গে টেক্সাসের ডালাসের একটি গাড়ির পার্কিংয়ে তর্ক চলছিল গ্যাব্রিয়েলার। এমন সময় তাকে শ্বাসরোধের চেষ্টা করেন হ্যারল্ড।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তর্কাতর্কির একপর্যায়ে গ্যাব্রিয়েলের মাথায় বন্দুক দিয়ে গুলি করে থম্পসন। পালানোর আগে আরও কয়েকবার গুলি ছোড়ে সে।

মামলায় বলা হয়েছে, সন্দেহভাজনকে সন্তানের বাবা বলে ধারণা করা হচ্ছে। ওই গর্ভপাতের ঘোর বিরোধী ছিল সে।

এই মামলায় আদালতে তার পক্ষে কথা বলার মতো কোনও আইনজীবীও পাওয়া যায়নি।

নিহত গ্যাব্রিয়েলের বোন ঘটনাটির প্রত্যক্ষদর্শী। সঙ্গে মোবাইল না থাকায় তাৎক্ষণিক পুলিশকে জানাতে পারেননি তিনি। এর আগেও আরেকজনকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া যায় থম্পসনের বিরুদ্ধে।

সূত্র: দ্য গার্ডিয়ান