সোমালীয় শরণার্থীকে মার্কিন পুলিশের গুলি, প্রতিবাদে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে ১৭ বছরের এক সোমালীয় তরুণকে পুলিশের গুলির ঘটনায় প্রতিবাদে রাজপথে নেমেছেন কয়েকশ মানুষ। সোমবার রাতে ইউটাহ প্রদেশের সল্ট লেক সিটির রাস্তায় ওই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়া লোকজন এ ঘটনায় পুলিশের কাছ থেকে সদুত্তর দাবি করেন। এ সময় তারা পুলিশি হত্যা বন্ধের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

এদিকে ওই তরুণকে গুলি করার পর উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে সামনে এসেছে পুলিশের ক্ষমতার প্রয়োগ, বিশেষ করে সংখ্যালঘুদের সঙ্গে তাদের আচরণ কেমন হবে-এমন বিষয়গুলো।

সল্ট লেক সিটিতে প্রতিবাদ বিক্ষোভ

শনিবার রাতে দুই দফায় পুলিশের হাতে গুলিবিদ্ধ হন আবদি মোহাম্মদ নামের ওই তরুণ। এতে তিনি গুরুতর আহত হন। তবে হাসপাতালে তিনি কোমা থেকে ফিরে এসেছেন।

পুলিশের দাবি, আবদি মোহাম্মদ এবং আরও এক ব্যক্তি ধাতব লাঠি দিয়ে কারও ওপর হামলা চালাচ্ছিলেন।

পুলিশের এমন দাবির সঙ্গে অবশ্য একমত নন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ওই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের তাদের শরীরের সঙ্গে জড়ানো ক্যামেরার ভিডিও প্রকাশ করতে হবে। তবে কর্তৃপক্ষ বলছে, এমনটা করা হলে সেটা চলমান তদন্তকাজকে ব্যাহত করবে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, স্বচ্ছতার জন্য অবশ্যই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করতে হবে। সূত্র: আল জাজিরা।

/এমপি/