৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে

৯৩ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন মিডিয়া ব্যক্তিত্ব ও ধনকুবের রুপার্ট মারডক। কনে ৬৭ বছর বয়সী এলেনা জুকোভা অবসরপ্রাপ্ত রুশ জীববিজ্ঞানী। শনিবার (১ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেল এয়ারে মারডকের আঙুরের বাগানে তাদের বিয়ের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী মারডক এর আগে আরও চারবার বিয়ে করেছিলেন। তার ছয় ছেলে। ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান এবং টাইমসের স্বত্বাধিকারী নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান তিনি। অবশ্য গত বছর ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে ছেলে লাচলানকে এ দায়িত্ব দেন তিনি।

জানা যায়, মারডক প্রথম বিয়ে করেছিলেন ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকারকে। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদ হয়। ওই বছরই তিনি বিয়ে করেন স্কটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান সাংবাদিক আন্না টর্ভকে। ১৯৯৯ সালে তাদেরও ছাড়াছাড়ি হয়ে যায়। ওই বছর চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন মারডক। এই বিয়েও টেকেনি। তাদের বিচ্ছেদ হয় ২০১৩ সালে। এবারে কিছুটা বিরতি নেন মারডক। এরপর ২০১৬ সালে বিয়ে করেন মার্কিন মডেল-অভিনেত্রী জেরি হলকে। ২০২২ সালে তাদেরও বিচ্ছেদ হয়।

গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা চ্যাপলেইন অ্যান লেসলি স্মিথের সঙ্গে মারডকের বাগদান হয়েছিল। কিন্তু পরের মাসেই হঠাৎ বিয়ে ভেঙে যাওয়ার খবর আসে। তখন থেকেই এলেনার সঙ্গে মারডকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠার খবর ছড়িয়ে পড়ে।

৯৩ বছরের বর ও ৬৭ বছর বয়সী কনে। ছবি: এপি।

চলতি বছরের মার্চে মারডকের সঙ্গে এলেনার বাগদান হয়। এর তিন মাসের কম সময়ের মধ্যে বিয়ের পর্ব সারলেন তারা।

তবে এলেনারও আগে একবার বিয়ে হয়েছিল রুশ তেল ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলেকজান্ডার জুকোভার সঙ্গে।

গত শতকের পঞ্চাশের দশকে অস্ট্রেলিয়ায় কর্মজীবন শুরু করেন মারডক। ১৯৬৯ সালে যুক্তরাজ্যের নিউজ অব দ্য ওয়ার্ল্ড ও সান সংবাদপত্র কিনে নেওয়ার পর থেকেই ধীরে ধীরে তিনি মিডিয়া টাইকুনে পরিণত হন।

বিয়ের পর কালো স্যুট ও হলুদ টাই পরা বর মারডক ও সাদা গাউন পরা কনে এলেনার ছবি প্রকাশ করে দ্য সান ট্যাবলয়েড।