ট্রাম্পের সমাবেশে হামলায় নিহত কোরির প্রতি মার্কিনিদের শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। হামলায় নিহত ওই ব্যক্তির নাম কোরি কম্পেরেটোর। তার বয়স ৫০ বছর। পেশায় ছিলেন দমকলকর্মী। রবিবার (১৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে নিহত কোরিকে বীর বলে উল্লেখ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

পেনসিলভেনিয়া রাজ্য পুলিশ জানিয়েছেন, পরিবারের সদস্যদের গুলির কবল থেকে বাঁচাতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলায় আরও দুইজন আহত হয়। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান তিনি।

তিনি আরও জানান, পেনসিলভানিয়ার পিটসবার্গের বাইরে বাটলারের সমাবেশস্থল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে সার্ভারে থাকতেন কোরি।

গভর্নর জোশ শাপিরো কোরির স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে কথা বলেছেন। শাপিরো জানান, কোরি প্রতি রবিবার গির্জায় যেতেন। তিনি তার সম্প্রদায়কে ভালোবাসতেন। বিশেষ করে তিনি তার পরিবারকে ভীষণ ভালোবাসতেন।

কোরির বীরের মৃত্যু হয়েছে উল্লেখ করে শাপিরো আরও জানান, ট্রাম্পের কট্টর সমর্থক ছিলেন কোরি। শনিবারের সমাবেশে উপস্থিত হতে পেরে তিনি অনেক খুশিও ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল অনুসারে, দমকলের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার পাশাপাশি কোরি একটি প্রকল্প এবং একটি প্লাস্টিক তৈরির কারখানায় ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

কোরির প্রতিবেশী ম্যাট অ্যাকিলিস বলেছেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন।

ম্যাট অ্যাকিলিস আরও বলেন, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। কিন্তু তা আমাদের বন্ধুত্ব ও ভালো প্রতিবেশী হতে বাধা দেয়নি। 

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে কোরির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, কোরি একজন ভালো স্বামী, বাবা ও দমকলকর্মী ছিলেন। পরিবারকে গুলি থেকে রক্ষা করতে জীবন দিয়েছেন।