ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনায় ইরানি ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে আফগান এক নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার (৮ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ অভিযোগ করেছে, ইরানের একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, শাকেরি গ্রেপ্তার হননি এবং ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে ইরানে অবস্থান করছেন।
ম্যানহাটনের আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের এক কর্মকর্তা সেপ্টেম্বর মাসে শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি এবং তাকে হত্যার পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, “বিচার বিভাগ এক ব্যক্তিকে অভিযুক্ত করেছে যাকে একাধিক হত্যার ষড়যন্ত্র পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও ছিলেন।”
বিচার বিভাগ আরও জানায়, যিনি ইরানের তীব্র সমালোচক এক মার্কিন সাংবাদিককে হত্যার জন্য অন্য দুই ব্যক্তিকেও নিয়োগ দেওয়া হয়েছিল।
এই ব্যক্তিরা হলেন ৪৯ বছর বয়সী কার্লিসল রিভেরা, এবং ৩৬ বছর বয়সী জনাথন লোডহোল্ট। তাদেরকে বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে হাজির করা হয়। বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে আটক রাখা হয়েছে।
এই বছর ট্রাম্পের বিরুদ্ধে দুটি আলাদা হত্যাচেষ্টা হয়। জুলাইয়ে এক বন্দুকধারী পেনসিলভেনিয়ায় তার ওপর গুলি চালালে ট্রাম্পের কানের লতিতে গুলি লাগে। এরপর সেপ্টেম্বরে এক ব্যক্তি ট্রাম্পের ওপর রাইফেল তাক করেছিলেন যখন তিনি তার গলফ কোর্সে ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, শাকেরিকে সাত দিনের মধ্যে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছিল।