লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বিসকাইলুজ ট্রেনিং সেন্টারে বিস্ফোরণে অন্তত তিনজন উপ-শেরিফ নিহত হয়েছেন। আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটের ঠিক আগে ইস্টার্ন অ্যাভিনিউর ওই প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে। এই কেন্দ্রে শেরিফের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরো এবং বোমা স্কোয়াড ও তাদের ঘাঁটি রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস এ খবর জানিয়েছে।

বিস্ফোরণে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তার অবস্থা স্পষ্ট নয়।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, বোমা স্কোয়াড সম্প্রতি একটি বোমা উদ্ধারের অভিযানে পাওয়া একটি অপ্রস্ফুটিত বিস্ফোরক স্থানান্তর করার সময় এই বিস্ফোরণ ঘটে।

সূত্র জানায়, বোমা স্কোয়াড প্রতিদিনই অঞ্চলজুড়ে সম্ভাব্য বিস্ফোরক সংগ্রহ করে। তবে এ ধরনের কাজ সবসময়ই বিপজ্জনক। কারণ এই ধরনের উপাদানের স্থিতিশীলতা ও বয়স নির্ধারণ করা কঠিন।

এলএপিডির (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) বোমা স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে এবং অন্য কোনও সম্ভাব্য বিস্ফোরক নিরাপদ করতে সহায়তা করছে। আশপাশের এলাকা খালি করে ফেলা হয়েছে। লস অ্যাঞ্জেলেসে এফবিআই-এর মুখপাত্র লরা আইমিলার জানান, এফবিআই’র বোমা বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে যাচ্ছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সকাল ৭টা ৩০ মিনিটের কিছু আগে শেরিফের বোমা স্কোয়াডের গাড়ি রাখার পার্কিং লট থেকে এক বিশাল শব্দ শুনতে পান তারা। কাচ ভেঙে পড়া ও চিৎকারের আওয়াজও শোনা যায়।

বিস্ফোরণের স্থানটি একটি বড় ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রায় ২৫ গজ দূরে রাখা একটি এসইউভি পুলিশ গাড়ির জানালাগুলো বিস্ফোরণে উড়ে গেছে।

একটি শেরিফের হেলিকপ্টার এলাকা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করছে এবং একাধিক জরুরি যানবাহন প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। সাধারণ গাড়িগুলোকে পার্কিং লট থেকে বের করে দেওয়া হচ্ছে।

শেরিফ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে এর আগেও বিপজ্জনক ঘটনা ঘটেছে। গত ১২ বছরে তাদের মোবাইল শুটিং রেঞ্জে অন্তত চারটি অগ্নিকাণ্ড ঘটেছে।

২০২৩ সালে পিচেস ডিটেনশন সেন্টারের পুরুষ বন্দিদের জেলে থাকা একটি ট্রেইলারে আগুন লাগলে দুইজন উপ-শেরিফ গুরুতর আহত হন।

বিসকাইলুজ ট্রেনিং সেন্টারটি ১৯৪৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ডেপুটিদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। পরে তা বন্ধ হয়ে যায়। ৩৬ হাজার বর্গফুটের এই প্রশিক্ষণ কেন্দ্রটি ২০১৭ সালে পুনর্নির্মাণের পর আবার চালু হয়।