যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা বুলেভার্ডে একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ইস্ট হলিউড এলাকায়ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ২টা নাগাদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জরুরি সেবাদাতা সংস্থাগুলো জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১০ জনের অবস্থা গুরুতর।
ঘটনাস্থলের ছবি থেকে দেখা যায়, একটি ধূসর রঙের গাড়ি ফুটপাথে উঠে গিয়েছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসাবশেষ এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত রয়েছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএফডি) বরাত দিয়ে সিএনএন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনাস্থলটি একটি সঙ্গীত ভেন্যুর কাছে অবস্থিত।
গাড়িটি কী কারণে ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার শিকার সবাইকে স্থানীয় হাসপাতাল বা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন এলএফডি ক্যাপ্টেন অ্যাডাম ভ্যানগার্পেন।
তিনি জানান, ভিড়ের বেশিরভাগই ছিলেন নারী, যারা একটি নাইটক্লাবে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
ক্যাপ্টেন ভ্যানগার্পেন আরও বলেন, ঘটনাস্থলটি ছিল অত্যন্ত বিশৃঙ্খল। ক্লাবের আশপাশে থাকা অনেক পথচারী ছুটে এসে আহতদের সাহায্য করেছেন।