গোল্ডেন ডোম বিরোধে কানাডার সমালোচনা করলেন ট্রাম্প

গ্রিনল্যান্ডে প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আপত্তির কারণে কানাডার বিরুদ্ধে নতুন করে আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও কানাডা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমনটি জানিয়েছেন তিনি। ভারত ভিত্তিক সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। 

ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেছেন, গ্রিনল্যান্ডে ‘গোল্ডেন ডোম’ নির্মাণের বিরোধিতা করছে কানাডা, যদিও এই ব্যবস্থা তাদের নিরাপত্তাই নিশ্চিত করত। তিনি আরও বলেছেন, এর পরিবর্তে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যের পক্ষে অবস্থান নিয়েছে। যে চীন প্রথম এক বছরের মধ্যেই তাদের গিলে খাবে।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত কির্স্টেন হিলম্যান সিবিএস নিউজকে বলেছেন, কানাডা আগামী পাঁচ বছরে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ৮০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। তিনি আরও বলেছেন, আমরা যখন রাষ্ট্রপতির সঙ্গে আমাদের গোলার্ধ রক্ষার বিষয়ে আলোচনা করেছি, তখন এমন উপায়গুলো নিয়েও কথা বলেছি যেখানে আমাদের বিভিন্ন ক্ষমতা একত্রিত হয়ে এই অঞ্চলের ওপর নজর রাখতে সক্ষম হবে।

ট্রাম্পের মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি বেইজিং সফর করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য ছিল চীনের সঙ্গে কানাডার অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করা, যেখানে চীন কানাডার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বিবেচিত। একই সময়ে দাভোসে দেওয়া ভাষণে কার্নি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে কঠোর ভাষায় সমালোচনা করেন।

উল্লেখ্য, ট্রাম্প বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ধারণা উল্লেখ করেছেন। সম্প্রতি তিনি একটি পরিবর্তিত মানচিত্রও পোস্ট করেছেন, যেখানে কানাডা, গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা ও কিউবা যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে।