ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান, যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার লক্ষ্যে ইরান একটি নতুন ষড়যন্ত্রের ছক কষেছে এমন গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল। এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই প্রকাশ্যে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার করে আসছে ইরান। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ঘিরে চলমান শোকানুষ্ঠানেও ট্রাম্পকে হত্যার আহ্বান গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে।

তবে এই গোয়েন্দা তথ্যটি ঠিক কবে বা কোন মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে, তা ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে পরিষ্কার জানা যায়নি।

ট্রাম্প ইতোমধ্যে বেশ কয়েকবার হত্যাচেষ্টার মুখোমুখি হয়েছেন, যার মধ্যে ২০২৪ সালের একটি হামলায় একটি গুলি তার কান ছুঁয়ে চলে যায়। চলতি সপ্তাহে নিজের প্রতি আসা এসব হুমকির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি তাদের হত্যা তালিকায়  রয়েছি। আজ সকালেও দেখলাম যে আমি তাদের প্রত্যেকটি তালিকায় আছি। আর এখন পর্যন্ত আমি হয়তো কিছুটা ভাগ্যবান ছিলাম, তবে এটি হয়তো খুব বেশি দিন স্থায়ী নাও হতে পারে।