ট্রাম্পের সফরের আগে গলফ ক্লাবে অস্ত্রসহ বন্দুকধারী গ্রেফতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক দিন আগে লস অ্যাঞ্জেলেস এলাকার তার গলফ ক্লাব থেকে একটি লোডেড পিস্তল ও ফাঁপা-মাথার বা হলো-পয়েন্ট গুলি বহনকারী এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার র‍্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব থেকে আটক ওই ব্যক্তির নাম জেনিন জন টায়েলে (৩৮)।

শেরিফ বিভাগ জানায়, মঙ্গলবার রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্পের নির্ধারিত উপস্থিতির আগে তিনি গলফ ক্লাবের বিভিন্ন স্থানের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। একই সঙ্গে নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন বলেও সন্দেহ করা হয়।

কর্তৃপক্ষ জানায়, তার পকেট থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে গলফ ক্লাবের পার্কিংয়ে থাকা তার গাড়ি থেকে গুলিভর্তি একটি লোডেড পিস্তল এবং আরেকটি গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কর্মকর্তারা জানান, পৃথক একটি ডাকাতির মামলায় এল সেগুন্দো পুলিশ বিভাগ আগে থেকেই টায়েলের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছিল।

সোমবার এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সঙ্গে কাজ করা গোয়েন্দারা ডাউনিতে টায়েলের বাড়িতে তল্লাশি চালান। সেখানে অবৈধভাবে পরিবর্তিত একটি রাইফেল, আরেকটি পিস্তল, বডি আর্মার, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সিগন্যাল-সংক্রান্ত বিভিন্ন যন্ত্র এবং কর্মকর্তাদের ভাষায় ‘উদ্বেগজনক বক্তব্য’ লেখা নোটবুক উদ্ধার করা হয়।

শেরিফ বিভাগ জানিয়েছে, জনসাধারণের জন্য বিশ্বাসযোগ্য কোনও হুমকির প্রমাণ তারা পায়নি। তবে সম্ভাব্য অভিযোগ নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করছেন প্রসিকিউটররা। এ অবস্থায় টায়েলকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ট্রাম্পের বিস্তৃত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সফরটি নির্ধারিত ছিল।