সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার তার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি তীব্র যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এটি তার হাড়ে এবং আরও গভীরে বাসা বেঁধেছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে বেশ দুর্বল করে ফেলছে।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে, গত বছরের মে মাসে প্রথম তার ক্যান্সার আক্রান্ত হওয়ার তথ্য প্রকাশ করেছিলেন।
বাবার শারীরিক অবস্থা নিয়ে আবেগঘন কণ্ঠে হান্টার বাইডেন বলেন, তাকে এভাবে দেখা সত্যিই ভীষণ কষ্টদায়ক। বাবার শারীরিক অবস্থা নিয়ে এখন আমি কেবল একটি কথাই বলব- আমার মনে হয় তিনি যদি একটু বেশি অভিযোগ করতেন তবে ভালো হতো, কারণ বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়।
তবে শারীরিক এই অসুস্থতার মধ্যেও সাবেক প্রেসিডেন্ট দমে যাননি উল্লেখ করে তার ছেলে বলেন, তার বাবা এখনও জনসমক্ষে আসছেন এবং যেসব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে কথা বলছেন। হান্টার বলেন, তিনি এখনও তার কাজ চালিয়ে যাচ্ছেন। এই দেশের ওপর তার অগাধ বিশ্বাস রয়েছে।