যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর পর নতুন কাজ খোঁজার জন্য বিদেশি কর্মীরা যে ৬০ দিনের সময় বা গ্রেস পিরিয়ড পেতেন, তা বাতিলের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। প্রস্তাবটি বর্তমানে হোয়াইট হাউজের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের (ওএমবি) পর্যালোচনায় রয়েছে। নিয়মটি এখনও চূড়ান্ত হয়নি এবং প্রস্তাবিত পরিবর্তনের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ্যে আনা হয়নি।
এই নিয়ম চূড়ান্ত করা হলে, অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগেই ভিসা সংক্রান্ত চাকরি হারিয়ে ফেলা নির্দিষ্ট কিছু কর্মী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের জন্য বর্তমানের ৬০ দিনের সুবিধাটি বাতিল হয়ে যাবে। ফলে চাকরি হারালে ক্ষতিগ্রস্ত কর্মী ও তাদের স্বজনদের প্রায় সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্র ছাড়তে হতে পারে।
প্রস্তাবিত আইনটি পাশ হলে চাকরি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভেতর থেকে অন্য কোনও নিয়োগকর্তার কাছে স্থানান্তরিত হওয়া বা অভিবাসন স্থিতি (ইমিগ্রেশন স্ট্যাটাস) পরিবর্তন করা সম্ভব হবে না। তবে ইউএস নাগরিকত্ব ও অভিবাসন সেবা (ইউএসসিআইএস) সংস্থা যদি নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে হস্তক্ষেপ করে, তবে সেটি ব্যতিক্রম হিসেবে গণ্য হবে।
এই পরিবর্তনের প্রভাব যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীদের ওপর বিশেষভাবে পড়তে পারে। দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি কর্মসূচির সবচেয়ে বেশি সুবিধাভোগী দীর্ঘদিন ধরেই ভারতীয় নাগরিকরা। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অনুমোদিত এইচ-১বি আবেদনের ৭১ শতাংশের সুবিধাভোগী ছিলেন ভারতে জন্ম নেওয়া ব্যক্তি। মার্কিন আদমশুমারির ওপর ভিত্তি করে তৈরি সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৫২ লাখেরও বেশি ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করেন।
কী এই ৬০ দিনের নিয়ম?
যুক্তরাষ্ট্রে উচ্চদক্ষ বিদেশি কর্মীদের বিশেষ সুবিধা দিতে ২০১৭ সালে এই নিয়ম চালু করা হয়েছিল। এর অধীনে নির্দিষ্ট নন-ইমিগ্র্যান্ট কর্মীদের চাকরি শেষ হলে তারা টানা ৬০ দিন অথবা তাদের অনুমোদিত অবস্থানের মেয়াদের শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারতেন।
এই নিয়মটি ই-ওয়ান, ই-টু, ই-থ্রি, এইচ-ওয়ানবি, এইচ-ওয়ানবিওয়ান, এল-ওয়ান, ও-ওয়ান এবং টিএন ভিসাধারী কর্মী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সুরক্ষা দিত। এই ৬০ দিনের সুযোগ কাজে লাগিয়ে কর্মীরা অন্য নিয়োগকর্তা খোঁজা, নতুন ভিসার আবেদন করা বা যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অন্যান্য উপায় খুঁজে নেওয়ার সময় পেতেন। প্রস্তাবিত নতুন আইনের ফলে এইচ-ওয়ানবি ছাড়াও ই-ওয়ান, ই-টু, ই-থ্রি, এইচ-ওয়ানবিওয়ান, এল-ওয়ান, ও-ওয়ান এবং টিএন ক্যাটাগরির কর্মীরা চরম সংকটে পড়বেন।
সূত্র: এনডিটিভি