গাড়ি চালাচ্ছিলেন বাবা, নিচে চাপা পড়ে মারা গেলো সন্তান

ক্যালিফোর্নিয়ায় টেসলা সাইবারট্রাকের নিচে চাপা পড়ে ছয় বছর বয়সী ছেলের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। গাড়ি পেছনে নেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে নিজের ছেলেকে ধাক্কা দেন পেশাদার বডি বিল্ডিংয়ের বিখ্যাত বিচারক টেরিক এল গুইন্ডি। হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়।

গত শনিবার রাত ৯টার দিকে ক্যালিফোর্নিয়ায় নিজেদের বাড়ির বাইরে এই দুর্ঘটনা ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল টেরিককে জিজ্ঞাসাবাদ করলেও তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় সাইবারট্রাকটি অটো পাইলট মোডে ছিল না। গাড়িটির পেছনের দিকে প্রেস্টনের উপস্থিতি সম্পর্কে ড্যাশবোর্ডে কোনও সতর্কতা দেওয়া হয়েছিল কি না, তা এখনও জানা যায়নি।

পারিবারিক বন্ধু স্টেফানি চেসব্রো জানান, ছেলেটি বাড়ির বাইরে খেলছিল, সে সময়ই তার বাবা ভুলবশত তাকে ধাক্কা দেন। পরিবারের জন্য একটি ‘গোফান্ডমি’ পেজ খুলে তিনি লিখেছেন, তার আঘাত এতটাই গুরুতর ছিল যে মায়ের পাশেই হাসপাতালে মর্মান্তিক মৃত্যু হয় প্রেস্টনের। তিনি আরও বলেন, তার বাবা-মা এবং বোন স্কারলেট এমন এক অপূরণীয় ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে, যা তাদের সন্তান ও ভাইকে হারিয়ে ফেলেছে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের একজন মুখপাত্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

টেসলার ওয়েবসাইট অনুযায়ী, সাইবারট্রাকের পেছনের সতর্কতা ব্যবস্থা আল্ট্রাসনিক বা রাডার সেন্সরের বদলে ক্যামেরা-ভিত্তিক কম্পিউটার ভিশন বা ‘টেসলা ভিশন’ দ্বারা চালিত। ব্যাক বা পার্ক করার সময় ক্যামেরা সিস্টেম টাচস্ক্রিনে থ্রিডি ভিজ্যুয়ালাইজেশন তৈরি করে। গাড়ি যদি আসন্ন সংঘর্ষ শনাক্ত করে, তবে এটি সংঘর্ষের সতর্কতা জারি করতে এবং স্বয়ংক্রিয়ভাবে জরুরি ব্রেক প্রয়োগ করতে পারে।

উল্লেখ্য টেরিক এল গুইন্ডি পেশাদার বডি বিল্ডিং জগতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বর্তমানে ‘মিস্টার অলিম্পিয়া’ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি প্রাইম টাইম মাসল এবং অলিম্পিয়া টিভির উপস্থাপক। 

সূত্র: উইয়ন নিউজ